সমবায় সচিব ও পুলিশের বিরুদ্ধে তাবিথের নালিশ

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ২১:১২
 
 
সিটি নির্বাচনে সরকারের একজন সচিব ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এনেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। বুধবার রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে তিনি এ অভিযোগ দেন। এসব অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন তিনি।
 
একটি দৈনিক পত্রিকার বরাত দিয়ে পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী এবং একই সঙ্গে দলীয় বিদ্রোহী প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করতে পুলিশ বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। এ লক্ষ্যে থানাগুলোতে নির্ধারিত ফরমও পাঠানো হয়েছে। অভিযোগে আরও বলা হয়, কোন বিশেষ রাজনৈতিক দলের জনপ্রিয়তা যাচাই করা পুলিশের দায়িত্ব নয়। বিষয়টির সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কোন সম্পর্ক নেই।
 
তাবিথ দাবি করেন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের এরূপ জরিপ নির্বাচনে প্রভাব ফেলবে এবং পুলিশের এসব কর্মকাণ্ড সিটি কর্পোরেশন নির্বাচন আচরণবিধিমালা ২০১০ এর (১৪) এর (খ) বিধির পরিপন্থী। এ কর্মকাণ্ড নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করতে পারে বিধায় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা যাচ্ছে।
 
একই সঙ্গে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন তাবিথ। অভিযোগে বলা হয়, সমবায় সচিব আওয়ামী লীগ সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সমবায় অধিদপ্তরের মতবিনিময় সভায় তিনি সমবায়ীদের কাছে এ আহ্বান জানান। সভায় উপস্থিত সমবায় সমিতির কয়েকজন প্রতিনিধি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে বলেন। এসব সদস্যের বক্তব্য সমর্থন করেন সচিব। মতবিনিময় সভা বলা হলেও সভার আশি ভাগ জুড়ে দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। এর আগে গত মঙ্গলবার প্রচারণায় বাধা, খালেদা জিয়ার প্রচারণায় বাধাসহ রিটার্নিং অফিসারের কাছে মোট চারটি অভিযোগ করেন তাবিথ।