কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মানহানি মামলার শুনানি ২৬ জুলাই

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ২১:৩৬
 
 
 
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে ‘রাজাকার’ বলার অভিযোগে বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীরউত্তম) বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ জুলাই দিন ধার্য করা হয়েছে।
বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। আসামি হাজির না হওয়ায় সংশ্লিষ্ট বিচারক আলি মাসুদ শেখ ফের এ দিন ধার্য করেন।
একই হাকিম গত বছরের ১১ নভেম্বর কাদের সিদ্দিকী আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করে।
নথিসূত্রে দেখা গেছে—২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি মামলাটি দায়েরের দিন বাদীর জবানবন্দি গ্রহণের পর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করা হয়। পরের ধার্য তারিখ ১৮ মার্চ তিনি আদালতে হাজির হয়ে জামিন চান। দীর্ঘ শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমান তার জামিন মঞ্জুর করেন। এর পর আর তিনি আদালতে হাজির হননি।
আরজিতে বলা হয়েছে—গত ৯ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক শ্রমিক-জনতা লীগের সম্মেলনে কাদের সিদ্দিকী বলেছেন, ‘মহাজোট সরকারের স্বরাাষ্ট্রমন্ত্রী রাজাকার। সরকারের মধ্যে রাজাকার রেখে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়। ১৯৭১ সালে মখা আলমগীর ময়মনসিংহের এডিসি ছিলেন। রাজাকারদের পক্ষে কাজ করেছেন তিনি, যার সাক্ষী আমি নিজেই।’
এ ধরনের ‘মিথ্যা বক্তব্যে’ উদ্দেশ্যমূলকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে সামাজিক, মানসিক, আর্থিক ও সাংগঠনিকভাবে হেয় করা হয়েছে মর্মে অভিযোগে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি ন্যাশনাল এফএস ফাউন্ডেশনের মাধ্যমে লিখিত প্রতিবাদ ও উকিল নোটিস পাঠানো হয়। কাদের সিদ্দিকী উকিল নোটিসের কোনো জবাব না দেয়ায় রুহুল আমিন মজুমদার দুই শ কোটি টাকার মানহানির অভিযোগ এনে মামলাটি করেন।