‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচারণা’-আচরণবিধি পরিপন্থী উল্লেখ করে ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসকে সতর্ক করে চিঠি দিয়েছে দুই রিটার্নিং অফিসার। বুধবার সংশ্লিষ্ট দুই মেয়র প্রার্থী ও তাদের এজেন্টকে সতর্ক করে এই চিঠি দেয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ জানান, ‘বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গাড়িবহর নিয়ে নিজ দল সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণার সময় জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে- যা নির্বাচনী আচরণ বিধিমালার পরিপন্থী। এছাড়া নির্বাচনী প্রচারণার সময় রাজনৈতিক কোন বক্তব্যও উত্তেজনা কর পরিবেশ সৃষ্টি করে- যা কাম্য নয়।
তিনে আরো বলেন, চিঠিতে বলা হয়েছে, ‘আপনার পক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রচারণা চালান, তখন তার গাড়িবহরের কারণে রাস্তায় যান চলাচল বিঘ্ন ঘটে, যা আচরণ বিধি লঙ্ঘনের শামিল।’
তিনি বলেন, এর আগে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের এজেন্টদের সাথে বৈঠকের সময় মির্জা আব্বাসের এজেন্টকেও একই বিষয়ে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, তাদের প্রার্থীর পক্ষে প্রচারের সময় কেউ যেন রাস্তার উপর গাড়িবহর দাঁড় না করান। এতে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের মত পরিবেশ সৃষ্টি হবে। বেগম খালেদা জিয়ার উপর হামলার অভিযোগ সম্পর্কে এ রিটার্নিং অফিসার বলেন, ‘ওই অভিযোগ তদন্ত করার জন্য সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে।’
এদিকে ঢাকা উত্তর সিটির রিটার্নিং অফিসার শাহ আলমও এ সিটির বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার চালাতে সতর্কতা মূলক চিঠি দিয়েছে। এ বিষয়ে শাহ আলমের পক্ষে তার অফিসে কর্মরত নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ওই চিঠিতে কারো নাম বা গাড়িবহর-এর কথা উল্লেখ না করে শুধুমাত্র নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার চালাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, নিজ দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের পক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় গত পাঁচ দিন ধরে প্রচার চালাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এর মধ্যে চারদিনই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তার প্রচারে বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। খালেদা জিয়ার গাড়িবহরে কয়েক দফায় হামলার ঘটনাও ঘটেছে।
এর মধ্যে কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় দুই পক্ষ মামলা করেছে। ওই মামলা নিরপেক্ষভাবে দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে বলে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন। গতকাল বাংলামোটরেও বেগম জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি সুবিধা ভোগ না করায় আচরণ বিধি অনুযায়ী খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা চালাতে কোনো বাধা নেই। তবে যান চলাচলে বিঘ্ন ঘটে- এমনভাবে প্রচার চালানোর উপর বিধি-নিষেধ রয়েছে। ওই বিষয়টি স্মরণ করিয়ে চিঠি দেয়া হয়েছে। তারা আরও জানান, খালেদা জিয়ার প্রচারণায় বাধা দেয়াও আচরণ বিধি লঙ্ঘনের শামিল। সেক্ষেত্রে কাউকে সতর্ক করা হয়নি।
