রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ০০:১৯

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে জয়লাভ করে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। গতকাল বুধবার রাতে এক অভিনন্দন বার্তায় ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

 
প্রধানমন্ত্রী বলেন, এই সাফল্য বাংলাদেশ ক্রিকেট দলের মনোবলকে আরো বাড়িয়ে দেবে। আন্তর্জাতিক যে কোন ম্যাচে আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
জেপির অভিনন্দন
 
পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, অধিনায়ক, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, গতকাল অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট দল তাদের ইতিহাসে একটি গৌরবময় উজ্জ্বল অধ্যায়ের সংযোজন করলো। সেঞ্চুরি করায় তরুণ উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকারকে আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশ ক্রিকেট দলের অব্যাহত সাফল্য কামনা করি এবং আশা করি আগামীতেও তারা সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে।