নতুন জুটির নতুন চ্যালেঞ্জ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ০২:১৮

কয়েকটি চলচ্চিত্রে ভালো অভিনয়ের মাধ্যমে চিত্রনায়ক আরজু আলোচনায় এসেছেন। আর পরীমণি তার মুক্তিপ্রাপ্ত দুই ছবিতে নায়িকা হিসেবে দর্শকের বেশ নজর কেড়েছেন। বর্তমানে আরজু ও পরীমণি জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন শামীমুল ইসলাম শামীমের নতুন চলচ্চিত্র ‘আমার প্রেম, আমার প্রিয়া’তে। এই নতুন রোমান্টিক জুটির সাম্প্রতিক খবর জানাচ্ছেন খালেদ আহমেদ

চলচ্চিত্রে নিজেকে একজন জনপ্রিয় নায়ক হিসেবে দেখতে চান আরজু। তাই নিজেকে সেভাবেই তৈরি করেছেন। এরমধ্যে আরজুর ‘তুমি আছ হূদয়ে’, ‘বাজাও বিয়ের বাজনা’, ‘প্রেম বিষাদ’ কিংবা ‘হেডমাস্টার’ ছবিতে অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। তবে এসব ছবির পর দর্শক এখন অনেক প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহে বসে আছেন তার অভিনীত সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’-এর মুক্তির জন্য। কারণ এরমধ্যে ইউটিউবে ছবিটির গান দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আরও অনেক বেশি সাড়া ফেলার প্রত্যাশায় আরজু ওপার বাংলার নবাগত নায়িকা ডোনাকে জুটি হিসেবে নিয়ে শুরু করেছেন ‘ফ্রেন্ড’ নামের চলচ্চিত্রে অভিনয়। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন রোমিও নীল। ডোনা দীর্ঘ ১৮ বছর যাবত নৃত্যের সঙ্গে জড়িত। বিগত পাঁচ বছর যাবত তিনি কলকাতার টপ টপ ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করছেন। এরইমধ্যে যীশু সেন গুপ্তের বিপরীতে ডোনা কাজ করেছেন ‘ঘেটে ঘ’ চলচ্চিত্রে। কলকাতার ছবিতে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়ক আরজু বলেন, ‘ফ্রেন্ড ছবির গল্প প্রচলিত ঘরানার বাইরের একটি গল্প। রোমিও নীল এবং ছবিটির প্রযোজনা সংস্থার প্রতি আমি কৃতজ্ঞ।’ এদিকে আরজুর দুইটি চলচ্চিত্র মুক্তির প্রতীক্ষায় আছে। এগুলো হলো—সাইফ চন্দনের পরিচালনায় ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ এবং গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’। বর্তমানে আরজু অভিনয় করেছন শামীমুল ইসলাম শামীমের ‘এক মুঠো স্বপ্ন’, অনন্য মামুনের ‘ভালোবাসার গল্প’ ও সোহানুর রহমান সোহানের নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্রে। অন্যদিকে মিডিয়ার প্রতি পরীমণির আগ্রহ ছোটবেলা থেকেই। তখন এই আগ্রহের বহিঃপ্রকাশ ঘটাতে না পারলেও নিজেকে গড়ে তুলেছেন এই লক্ষ্যেই। আর সুযোগের প্রহর গুনেছেন মনের লালিত স্বপ্নপূরণে। পরবর্তীতে মডেলিংয়ের নাম লেখান তিনি। কিছুদিন পর শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। প্রথম ছবি মুক্তির আগেও পরীমণি বেশ কিছু নতুন চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান। এটাকে তার সুপ্রসন্ন ভাগ্যের প্রমাণই বলা চলে। প্রথম ছবি মুক্তির পর পরীমণিকে নিয়ে চিত্র পরিচালকদের আগ্রহ বেড়ে যায়। তাই তো খুব অল্প সময়ের মধ্যেই তিনি ২৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় শেষ করেছেন। হাতে আছে আরও বেশ কয়েকটি চলচ্চিত্র। এবারই প্রথম আরজু ও পরীমণি জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন ‘আমার প্রেম, আমার প্রিয়া’ চলচ্চিত্রে। আব্দুল্লাহ জহির বাবুর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন শামীমুল ইসলাম শামীম। গ্রামীণ গল্পের এই ছবিতে ভালোবাসার নতুন এই জুটিকে ভিন্ন রূপে আবিষ্কার করবেন দর্শকরা। এই চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আরজু বলেন, ‘এখানে আমি মানিক চরিত্রে অভিনয় করেছি। যে পড়ালেখা শেষ করে বেকার। তবে গ্রামের গরিব মানুষের উপকার করে বেড়ায়। স্থানীয় চেয়ারম্যানের বিভিন্ন অপকর্মে বাধা দেওয়ায় নানা ঘটনা ঘটে। আর তার প্রেম গড়ে ওঠে চেয়ারম্যানের মেয়ের সাথে। সব মিলিয়ে গল্প ও আমার চরিত্রটি বেশ মজার। এ রকম চরিত্রে অভিনয় করে আমি আনন্দিত। পরীমণি অনেক প্রাণবন্ত অভিনয় করে। ভবিষ্যতে অনেক বড়মাপের একজন শিল্পী হতে পারবে যদি কাজে তার ধারাবাহিকতা থাকে।’ আর পরীমণি বলেন, ‘এই ছবিতে আমি জান্নাত চরিত্রে অভিনয় করেছি। আমার বাবা এলাকার চেয়ারম্যান। গ্রামের যুবক মানিকের সাথে আমার প্রেমের সম্পর্ক। একসময় আমাদের বিয়ে হয়। আরজু ভাইয়ের সাথে এটাই আমার প্রথম ছবি। তিনি খুবই সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। মানুষ হিসেবেও অসাধারণ। আমার সাথে কাজের প্রথম পরিচয় থেকেই তিনি আমাকে ভীষণ সহযোগিতা করে আসছেন। আমি নিজেও তার ভক্ত। আমাদের এই কাজটি দর্শকের ভালো লাগবে আশা করি।’ এখন দেখার বিষয়—দর্শক ভালোবাসার এই নতুন জুটিকে কীভাবে গ্রহণ করে? আমরা সেই অপেক্ষায় থাকলাম।