ক্যান্টনমেন্টে প্রস্তুত থাকবে সেনাবাহিনী

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ১১:১০
 
আসন্ন সিটি নির্বাচনে আগামী ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত রিজার্ভ ফোর্স হিসাবে সেনানিবাসের (ক্যান্টনমেন্ট) অভ্যন্তরে অবস্থান করবে সেনাবাহিনী। রিটার্নিং অফিসারের অনুরোধে পরিস্থিতি মোকাবেলা করবেন তারা। গতকাল বিকালে সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানো নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত সংশোধিত চিঠিতে একথা উল্লেখ করা হয়েছে। যদিও এই সংশোধিত চিঠিটি মঙ্গলবারের তারিখেই পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার পাঠানো প্রথম চিঠিতে বলা হয়েছিল, চারদিনের জন্য স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। এরপর ওইদিন সন্ধ্যায় ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছিলেন, তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের মানসিক স্বস্তির জন্য সেনা মোতায়েন করা হচ্ছে।
 
এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক গতকাল রাত ১১টায় ইত্তেফাককে বলেন, নির্বাচনে রিজার্ভ ফোর্স হিসাবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। রিজার্ভ ফোর্স হিসাবে ক্যান্টনমেন্টের অভ্যন্তরে অবস্থান করবে সেনাবাহিনী। নির্বাচনী দায়িত্ব পালনে তাদের  প্রস্তুত থাকতে বলা হয়েছে।
 
নতুন চিঠিতে বলা হয়েছে, সেনা সদস্যরা সেনানিবাসের ভেতরেই থাকবেন। রিটার্নিং কর্মকর্তা অনুরোধ করলে তারা বাইরে আসবেন। বিএনপির দাবিরমুখে সেনা মোতায়েনের সিদ্ধান্ত জানিয়ে ২৮ এপ্রিল তিন সিটিতে ভোটের জন্য তিন ব্যাটালিয়ন সৈন্য চেয়ে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছিল ইসি। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. সামসুল আলম বলেন, দ্বিতীয় চিঠিটি আগের চিঠির স্থলাভিষিক্ত হবে।
 
ইসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী নির্বাচনে সেনাবাহিনীকে রিজার্ভ ফোর্স হিসাবে মোতায়েনের জন্য মতামত দিয়েছিলেন।