ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষের সময়টা এখন মোটেও ভালো যাচ্ছে না। কলকাতার যাত্রাপালায় কাজ করেই দিন কাটছে তার। বয়সের কারণে গ্ল্যামার হারিয়েছেন আগেই। এখন তাই মা-খালার চরিত্রে কাজ করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে।
অঞ্জু ঘোষের নিকট এক সুত্রই নিশ্চিত করেছে খবরটি। মূল চরিত্রে কাজ করতে পারছেন না বলে এখন তার আয়-রোজগারও অনেক কমে গেছে।
তিনি বর্তমানে কলকাতার সল্টলেক রোডে থাকেন। ১৯৯৬ সালে ঢাকায় সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না অঞ্জুর। সে সময়ই তিনি পাড়ি জমান কলকাতায়। সেখানেই মঞ্চ ও ছবিতে নিয়মিত হন তিনি। ভারতে জনপ্রিয়তা অর্জন করতেও সময় লাগেনি তার। টালিগঞ্জে প্রায় অর্ধশত ছবিতে কাজ করেছেন তিনি।
২০০৪ সালের পর থেকে কলকাতার ছবিতেও চাহিদা কমে অঞ্জুর। তখন থেকে যাত্রামঞ্চেই নিয়মিত হন তিনি। কলকাতার নামি-দামী যাত্রাপালায় নিয়মিত অভিনয় করেন তিনি। এর মধ্যে বিশ্বভারতী অপেরা উল্লেখযোগ্য।
২০০৮ সাল পর্যন্ত কলকাতার যাত্রাপালায় তার ব্যাপক চাহিদা থাকলেও বয়সের কারণে চাহিদা ধীরে ধীরে কমতে থাকে। এরপর থেকে চরিত্রাভিনেত্রীর ক্যারেক্টারে কাজ করতে থাকেন তিনি।
উল্লেখ্য, ১৯৮২ সালে চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরী ‘সওদাগর’ ছবির মাধ্যমে তাকে বড়পর্দায় নিয়ে আসেন। এরপর ঢাকাই ছবিতে বেশ ব্যস্ত হয়ে পড়েন তিনি। জনপ্রিয়তার পাশাপাশি বেশ সমালোচিতও হন তিনি। ঢালিউডে প্রায় অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
