খালেদা জিয়ার ঘরে বসে থাকা উচিত: তথ্যমন্ত্রী

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ১৮:০৬
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই উত্তেজনা সৃষ্টিকারী। তার উচিৎ নির্বাচনী প্রচারণায় না নেমে ঘরে বসে থাকা। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
নির্বাচনী প্রচারণায় নেমে বুধবার বিকালে রাজধানীর বাংলামোটর এলাকায় হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। এতে তাকে বহনকারী নিশান গাড়ির পিছনের দিকের কাঁচ ভেঙে যায়। এর আগে তিনবার তার গাড়িবহর হামলার শিকার হয়।
 
এক প্রশ্নের জবাবে হাসানুল হক বলেন, সরকার নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে বলেই খালেদা জিয়া অক্ষত অবস্থায় বাড়ি চলে গেছেন। একই সঙ্গে তিনি এই হামলার নিন্দা জানান।