বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিনের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে ফালুর পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
২০ দলীয় জোট ডাকা হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগে মিরপুর থানায় করা একটি মামলায় গত ১২ এপ্রিল হাইকোর্ট ফালুকে জামিন দেয়। এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত ১ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে ফালুকে আটক করা হয়।
