আতলেতিকোকে হারিয়ে সেমিতে রিয়াল

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ১৫:৫৯
 
নগর প্রতিদ্বন্দ্বী আতলেটিতো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার সান্তিয়াগো বার্নব্যুতে দ্বিতীয় লেগে ১-০ গোলে জয় লাভ করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এর আগে প্রথম লেগটি গোলশূন্য ড্র হয়।
 
বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি এবং বহিষ্কারাদেশে মাঠে ছিলেন না রিয়ালের মার্সেলো, লুকা মোদ্রিচ, গ্যারেথ বেল এবং করিম বেনজেমা। ঘরের মাঠে খেলতে নেমে শুরু থেকেই একের পর এক আক্রমণ করার চেষ্টায় থাকে রিয়াল। তবে আতলেতিকোর রক্ষণভাগ এবং গোলরক্ষক তা বারবারই প্রতিহত করে। প্রথমার্ধে কয়েকবার ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন হার্নান্দেজ। ৪৫ মিনিটে আতলেটিতোর ডিফেন্ডারের ভুলে ডি বক্সের ভেতরে বল পেয়ে যান ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষের গোলরক্ষককে তার আক্রমণকে প্রতিহত করে। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।
 
বিরতির পর মাঠে নেমে আবারও আধিপত্য বজায় রাখে স্বাগতিক রিয়াল। ৫৯ মিনিটে টনি ক্রুসের ক্রসে রাফায়েল ভারানের নেওয়া হেড লক্ষ্যে থাকেনি। ৬২ মিনিটে রোনালদোর ক্রসে সার্জিও রামোসের হেড সরাসরি আটকে দেন অ্যাতলেতিকোর গোলরক্ষক।
 
৭৬ মিনিটে বড় এক ধাক্কা খায় অ্যাটলেতিকো। রামোসকে ফাউল করে দ্বিতীয় দফা হলুদ কার্ড দেখেন আরদা তুরান। দশ জনের দলে নেমে পরিণত হওয়া আতলেতিকোর শিবিরে একের পর এক আঘাত হানতে থাকেন। শেষপর্যন্ত ৮৮ মিনিটে রোনালদোর পাসে রিয়ালের জয়সূচক গোলটি করেন হার্নান্দেজ।