‘গঙ্গাবাধ সমাধানে দক্ষিণ-পশ্চিমে জলবায়ু-আর্সেনিক সমস্যা সমাধান’

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ১৭:৪১
গঙ্গাবাধ সমস্যা সমাধান করতে পারলেই দক্ষিণ পশ্চিম অঞ্চলের জলবায়ু ও আর্সেনিক সমস্যার সমাধান সম্ভব হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। 
 
বৃহস্পতিবার দুপুরে  মেহেরপুর মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামে ভৈরব নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
 
তিনি আরও বলেন, পানি সমস্যা নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। দ্রুতই ভারতের সাথে আলোচনা সাপেক্ষে তিস্তা চুক্তিসহ পানি সমস্যা দূর করা সম্ভব হবে। এছাড়াও সারা বিশ্বে এখন মূল সমস্যা পানি।  তাই পানির প্রবাহ ধরে রাখতে হলে বাংলাদেশের নদীগুলোকে দখল মুক্ত করে খনন করতে হবে। 
 
এ সময় সেখানে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীর প্রতীক), পানি সম্পদ বিষয়ক সচিব জাফর আহম্মেদ খান, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রায় ৭১ কোটি টাকা ব্যায়ে মেহেরপুর মুজিবনগর উপজেলার রতনপুর গ্রাম থেকে ২৯ কি. মি. ভৈরব নদীর পুনঃখনন করা হবে। পর্যায়ক্রমে নদীর বাকি অংশ খননের মাধ্যমে ভারতের সাথে চুক্তি সাপেক্ষে পানি প্রবাহ নিশ্চিত করা হবে বলে জানান মন্ত্রী। 
ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি. বাংলাদেশ নৌ বাহিনীর ব্যবস্থাপনায় প্রকল্পের কাজ আগামী ৩০ এপ্রিল ২০১৭ সালে শেষ হবে।