এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই দেশের বাইরে থেকে কেনা সফটওয়্যারের অর্থ পরিশোধ করতে পারবে ব্যাংক। তবে এ জন্য আমদানিকারক প্রতিষ্ঠানকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) একটি অনাপত্তি সনদ নিয়ে ব্যাংকে জমা দিতে হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে—বাইরে থেকে সফটওয়্যার কিনে তার অর্থ পরিশোধের জন্য এত দিন কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হতো। তবে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখাগুলো এ ধরনের পরিশোধ করতে পারবে। তবে সফটওয়্যার আমদানির প্রয়োজনীয়তা বিষয়ে বেসিস থেকে একটি সন্তোষজনক সার্টিফিকেট গ্রাহককে জমা দিতে হবে।
এ দিকে, সফটওয়্যার আমদানির বিপরীতে পরিশোধের ক্ষেত্রে অর্থপাচার ও মানি লন্ডারিং না হওয়ার বিষয়ে শাখাকে নিশ্চিত হতে বলা হয়েছে। সরবরাহকারীর সনদ অনুযায়ী ক্রেতা সন্তোষজনক হওয়ার বিষয়ে নিশ্চিত হয়ে সফটওয়্যারের মূল্য পরিশোধ করতে হবে। আর পুরো বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবহিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
