সিটির নির্বাচনী প্রচারণা নিরাপদ করার আহ্বান জাতিসংঘের

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ২০:২১
 
 
বাংলাদেশে আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণা চালানোর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহবান জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
 
বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফান ডুজারিক।
 
তিনি বলেন, কয়েক দিন ধরেই এই ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করেছেন সাংবাদিকরা।
 
বিএনপি নেতা খালেদা জিয়ার গাড়িবহরে হামলাগুলোর বিষয়েও প্রশ্ন করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। মহাসচিব একটি স্বচ্ছ, ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। আর এটা কেবল নিরাপদ পরিবেশে নির্বাচনী প্রচারণায় সম্ভব।