অস্ত্র বহনে ৭ দিনের নিষেধাজ্ঞা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ২০:২৬
 
 
দেশে বৈধ অস্ত্র মালিকদের আগামী শনিবার ভোর ছয়টা থেকে ১ মে রাত ১২টা পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জনস্বার্থে সাত দিনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।  বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
 
মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে এবং সারা দেশে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের অপব্যবহার রোধ করতে আর্মস অ্যাক্ট-১৮৭৮-এর ধারা ১৭ (১) অনুযায়ী এ আদেশ জারি করা হলো। একই সঙ্গে আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারা মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে।
 
আদেশে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকল বাহিনীর সদস্য, সরকারি, আধা সরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীদের জন্য এ নির্দেশ প্রযোজ্য হবে না।