বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের জামিন প্রশ্নে বিভক্ত রায় লেখা শেষ হয়েছে। বৃহস্পতিবার লিখিত এ রায় প্রধান বিচারপতি এসকে সিনহার কাছে পাঠানো হয়েছে। এখন প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠাবেন।
গত ১৫ এপ্রিল গাড়ি পোড়ানোর দুটি মামলায় মির্জা আব্বাসের জামিন প্রশ্নে বিভক্ত রায় দেয় হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী দুটি মামলায় তাকে তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন। অপরদিকে কনিষ্ঠ বিচারক বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে দ্রুত নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
বিচারকরা তাদের বিভক্ত রায় লেখা শেষ করে তা প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। তিনি বলেন, যেহেতু বিচারকগণ ঐক্যমতের ভিত্তিতে রায় দেননি সে কারণে বিষয়টি এখন তৃতীয় বিচারপতি নিষ্পত্তি করবেন।
তিন মাসের বেশি সময় ধরে আত্মগোপনে থাকা মির্জা আব্বাস চলতি মাসের প্রথম সপ্তাহে হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান। এর মধ্যে গাড়ি পোড়ানোর অভিযোগে গত ২৯ ডিসেম্বর পল্টন এবং ৫ জানুয়ারি মতিঝিল থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ।
