বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আদালত অবমাননার দায়ে সাজা দেয়ায় উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রদানকারী ২৩ বিশিষ্ট ব্যক্তি আদালত অবমাননার রুলের জবাব দিতে আরো ৬ দিন সময় পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ বিশিষ্ট জনদের জবাব দিতে আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করেন। কয়েকজনের সময় প্রার্থনার পর ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন। ২৩ জনের মধ্যে যারা দেশে অবস্থান করছেন তাদের এ দিন কোর্টে হাজির হতে বলা হয়েছে।
২৩ বিশিষ্ট ব্যক্তি হলেন—মাসুদ খান, জিয়াউর রহমান, আফসান চৌধুরী, হানা শামস আহমেদ, আনু মোহাম্মদ, জাফরুল্লাহ চৌধুরী, শিরিন হক, আলী আহম্মেদ জিয়া উদ্দিন, আনুশে আনাদিল, মুক্তাশ্রি চাকমা সাথী, লুবনা মারিয়াম, ফরিদা আক্তার, সিআর আবরার, বীণা ডি কস্টা, রেহনুমা আহমেদ, শহিদুল আলম, তিব্রা আলী, দেলোয়ার হোসেন, জরিনা নাহার কবির, শবনাম নাদিয়া, মাহমুদ রহমান, নাসরিন সিরাজ এ্যানি ও লিসা গাজী।
উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর আদালত অবমাননার দায়ে ইংরেজি দৈনিক ‘দ্য নিউএজ’-এর বিশেষ প্রতিনিধি ডেভিড বার্গম্যানকে আদালত চলাকালীন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করে ট্রাইব্যুনাল। এ সাজার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেন ৫০ জন বিশিষ্ট নাগরিক। গত ২০ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। পরে মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করেন। পরে গত ১৪ জানুয়ারি আদালত অন্য ৪৯ জন বিবৃতিদাতার কাছে বক্তব্যের ব্যাখ্যা চান। এরই মধ্যে বিবৃতিদাতাদের মধ্যে ২৬ জন নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে অব্যাহতি পেয়েছেন।
