নগর, পৌর ও ইউনিয়ন পর্যায়ে কুরিয়ার সেবা প্রদান কার্যক্রম শুরুর লক্ষ্যে আজ ২৩শে এপ্রিল সুন্দরবন কুরিয়ারের কর্পোরেট অফিসে ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের এবং সুন্দরবন ডিজিটাল এক্সপ্রেসের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশে বহু বছর ধরে বিভিন্ন কুরিয়ার ও পার্সেল সেবা প্রদানকারী সুন্দরবন কুরিয়ারের সহযোগী প্রতিষ্ঠান সুন্দরবন ডিজিটাল এক্সপ্রেস প্রথমবারের মত সরাসরি ইউনিয়ন পর্যায় থেকে গ্রামীণ তৃণমূল মানুষের দোরগোড়ায় এই সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করতে যাচ্ছে।
এই কার্যক্রম প্রাথমিকভাবে ৩৩টি ডিজিটাল সেন্টারের মাধ্যমে শুরু হলেও পর্যায়ক্রমে দেশের ৫ হাজারের অধিক ডিজিটাল সেন্টার সম্প্রসারনের পরিকল্পনা রয়েছে সুন্দরবন ও এটুআই কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে। এই উদ্যোগের ফলে গ্রামীণ উদ্যোক্তা, কৃষকসহ নানা শ্রেনীর পেশাজীবি ও সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। গ্রামীণ অর্থনীতির বিকাশে এই উদ্যোগ বিশেষ ভুমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন এটুআই ও সুন্দরবন ডিজিটাল এক্সপ্রেসের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য ইউনিয়ন, পৌর ও নগর ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামীণ পশ্চাদপদ তৃণমূল মানুষের দোরগোড়ায় কুরিয়ার ও পার্সেল সেবা পৌছে দেবার লক্ষ্যে ২০১৪ সালের ৩১ডিসেম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সহযোগী প্রতিষ্ঠান সুন্দরবন ডিজিটাল এক্সপ্রেস, স্থানীয় সরকার বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অধিকাংশ কুরিয়ার সার্ভিসের জেলা পর্যায়ে এবং কারো কারো উপজেলা পর্যায়ে এজেন্ট থাকলেও ইউনিয়ন পর্যায়ে এজেন্ট নেই। ডিজিটাল সেন্টার থেকে কুরিয়ার সার্ভিস নিতে পারলে উদ্যোক্তারা যেমন কুরিয়ার সার্ভিসের এজেন্ট হিসেবে কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন, তেমনি এলাকার সাধারণ নাগরিকগণও তার বাড়ির পাশের ডিজিটাল সেন্টার থেকে এ কুরিয়ার সেবা সহজে পাবেন। এ উদ্যোগসমূহ রূপকল্প ২০২১ বাস্তবায়ন তথা জনগণের দোরগোড়ায় সেবা পৌছানোর ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জান মুক্তা, স্থানীয় উন্নয়ন বিশেষজ্ঞ সূপর্ণা রায়, জুনিয়র কন্সালট্যান্ট জোবায়ের আলম, শান্তা-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আহসানুল কবির দুলাল, বাংলাদেশ কুরিয়ার সার্ভিসেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক শেখ তানভীর আহমেদ রনি এবং সুন্দরবন ডিজিটাল এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান।
