পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভিন্ন বনাঞ্চল পরিদর্শন করেন। এ সময় তিনি বনের সার্বিক উন্নয়ন নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
গতকাল সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে মন্ত্রী প্রথমে যান পতেঙ্গা সৈকতের প্রজাপতি পার্কে। পার্ক পরিদর্শন শেষে সেখান থেকে সড়কপথে কাপ্তাই যান তিনি। সেখানে কাপ্তাই ন্যাশনাল পার্ক পরিদর্শন করেন আনোয়ার হোসেন মঞ্জু। এ সময় রাঙ্গামাটির জেলা প্রশাসক সামসুল আরেফিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ সামসুল আজম, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো:সালাহউদ্দিনসহ সার্কেলের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বন বিভাগের বিরুদ্ধে নানা নেতিবাচক প্রচারণা সত্ত্বেও দেশের সার্বিক বনায়নে এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গাছ লাগানো এবং এর পরিচর্যায় মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা এসেছে।
এ সময় কাপ্তাই ন্যাশনাল পার্কের বিভিন্ন দিক সম্পর্কে বন বিভাগের কর্মকর্তারা পরিবেশ ও বন মন্ত্রীকে অবহিত করেন। তারা জানান, এই পার্কে বহুদিনের পুরোনো সেগুন গাছ রয়েছে, যার বেশকিছুর বয়স একশ’ বছরেরও বেশি। ন্যাশনাল পার্ক পরিদর্শন শেষে আনোয়ার হোসেন মঞ্জু বন বিভাগের পুরনো রেস্ট হাউস কাপ্তাই মুখ বিট-এ যান। ১৯০৮ সালে ব্রিটিশরা এটি নির্মাণ করেছিলো। সেখানে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
কাপ্তাই ন্যাশনাল পার্ক বনফুল রেস্ট হাউসে পৌঁছালে সেখানে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লতিফ মন্ত্রীকে স্বাগত জানান।
ন্যাশনাল পার্ক পরিদর্শন শেষে আনোয়ার হোসেন মঞ্জু রাঙ্গামাটি সার্কিট হাউসে যান। সেখানে তাকে স্বাগত জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। সেখানে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সংরক্ষিত নারী আসনের এমপি ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা মো: শাহাজাহান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো: আনোয়ার হোসেন সরকার, জেলা জাতীয় পার্টির (জেপি) আহবায়ক উদয়ন বড়ুয়া, জেলা মহিলা জেপির যুগ্ম আহবায়ক উমা চিং মার্মা প্রমুখ।
এর আগে সকালে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মো: আব্দুল লতিফ মিয়াসহ বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং জেলা জেপির নেতৃবৃন্দ আনোয়ার হোসেন মঞ্জুকে স্বাগত জানান। এ সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মকবুল হোসেন, চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম অঞ্চলের বন কর্মকর্তা রকিবুল হাসান মুকুল, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাশ, জাতীয় পার্টির (জেপি) ভাইস চেয়ারম্যান হোসেন রেনু, চট্টগ্রাম মহানগরের আহবায়ক আজাদ দোভাষ, সদস্য ইঞ্জিনিয়ার মো: হুমায়ুন কবির পাটোয়ারি, ফরহাদুল হাসান মোস্তফা, মোরশেদ আলম লিটন, মো: সেলিম রেজা, জাতীয় মহিলা পার্টির চট্টগ্রাম শাখার আহবায়ক নাজমুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।