কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ১৯:২১
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি সমর্থিত আরেক কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রায়েরবাজার এলাকা থেকে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সাবেক কমিশনার  বিএনপি নেতা আবুল খায়ের বাবলুকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ।
 
হাজারীবাগ থানার ওসি কাজী মাইনুল হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আবুল খায়ের বাবলুর নামে ধানমন্ডি থানায় তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 
আবুল খায়ের বাবলুকে গ্রেপ্তারের মধ্যদিয়ে উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত তিনজন কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করা হলো।
 
গত ১৯ এপ্রিল ঢাকা দক্ষিণ ১৩ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী কাজী হাসিবুর রহমান ওরফে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এরও আগে গত ১৬ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী এ এল এম কাউছার আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।
 
তিনি বলেন, হাজারীবাগ থানার একটি মামলায় বাবলুর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে ধানমণ্ডি থানায় আরো কয়েকটি মামলা আছে।
 
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাহাবুদ্দিন মুন্নার নির্বাচনী ক্যাম্প থেকে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মান্নান হোসেন শাহীন ও মো. সোহাগকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু।
 
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে বিরোধীজোটের কাউন্সিলর প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর প্রচারকর্মীদের আটক ও প্রচারের মাইক ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। উত্তরের ৪ নং ওয়ার্ডে ২০ দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী লস্কর মো: তসলিমকে আটকের জন্য তার বাসায় পুলিশ তল্লাশির নামে হয়রানি করছে বলে অভিযোগ করা হয়েছে।