‘সরকার যতই অপকৌশল করুক মির্জা আব্বাস নির্বাচন থেকে সরবেন না’

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ২০:২৭
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারে পদে পদে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
 
 শুক্রবার আফরোজা আব্বাস সকাল থেকেই মির্জা আব্বাসের ‘মগ’ মার্কা প্রতীকের পক্ষে ধানমণ্ডি, হাজারীবাগ এলাকায় নির্বাচনী জনসংযোগ ও লিফলেট বিতরন করেন।
 
অন্যান্য দিনের চেয়ে গতকাল শুক্রবার সকালে বেশি বাধার মুখে পড়েন বলেও অভিযোগ করেন তিনি। আফরোজা আব্বাস বলেন, ‘দিনের শুরু থেকেই আমাদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিচ্ছে। প্রচার চালানোর সময়ই ১৫ নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর প্রার্থী সাবেক কমিশনার আবুল খায়ের বাবলুকে আটক করে নিয়ে গেছে পুলিশ।’
 
সকাল ৯টায় ধানমণ্ডি ১৫ নম্বর ওয়ার্ড রায়রবাজার মিতালী রোড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আফরোজা আব্বাস। পরে তার প্রচারণায় যোগ দেন স্থানীয় ১৫ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল খায়ের বাবলু। কিছুক্ষণের মধ্যে ধানমণ্ডি থানা পুলিশ বাবলুকে আটক করে।
আফরোজা আব্বাসের সামনে থেকেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
 
এরপর আফরোজা আব্বাস তার কর্মী-সমর্থকদের নিয়ে হাজারীবাগের উদ্দেশে রওয়ানা হন। হাজারীবাগ মোড়ে স্থানীয় থানা পুলিশ তাকে বাধা দেয়। বাধার মুখে তিনি জিগাতলার দিকে ফিরে আসেন।
 
জিগাতলায় আফরোজা আব্বাস জনগণের উদ্দেশে বলেন, ‘স্থানীয় থানা পুলিশ বাধা দিয়ে আমাদের নির্বাচনী প্রচার ভণ্ডুল করে দিচ্ছে। সরকার তার প্রশাসন দিয়ে যতই অপকৌশল চালাক মির্জা আব্বাস নির্বাচন থেকে সরে আসবেন না।
 
আফরোজা আব্বাস বলেন, মির্জা আব্বাসকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার নানা অপকৌশল চালাচ্ছে। তবে সরকারের কোনো অপকৌশলেই বিএনপি নির্বাচন বর্জন করবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য আবারও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে আফরোজা আব্বাস বলেন, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ সেনা মোতায়েন চায়। সেনা মোতায়ন নিয়ে নির্বাচন কমিশনের কোনো নাটক জনগণ বরদাস্ত করবে না।