সমালোচনার মুখে বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি গহনার বিজ্ঞাপন প্রত্যাহার করে নেয়া হয়েছে। বিজ্ঞাপনটির বিরুদ্ধে বর্ণবাদ ও শিশু দাসত্বকে উৎসাহিত করার অভিযোগ উঠেছে।
বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের করা গহনার একটি বিজ্ঞাপন সমালোচনার মুখে পড়ার পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
অনেকেই অভিযোগ করেছেন, বিজ্ঞাপনটি বর্ণবাদী এবং তাতে শিশু দাসত্বকে উৎসাহিত করা হয়েছে।
কল্যাণ জুয়েলার্সের বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, গহনা পরিহিত ঐশ্বরিয়ার মাথার ওপরে কৃষ্ণাঙ্গ এক শিশু লাল রঙের একটি ছাতা ধরে আছে। এরপরই এক খোলা চিঠিতে আপত্তি তোলেন কয়েকজন। এটিকে তারা চরম আপত্তিকর আখ্যা দিয়ে তারা লিখেন, 'আপনার অত্যন্ত শাদা চামড়ার সাথে কালো এই ছেলেটির ছবি উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হয়েছে।' আরো অভিযোগ করা হয়, বিজ্ঞাপনটিতে সাম্রাজ্যবাদী ইউরোপীয় শ্বেতাঙ্গদের অভিজাততন্ত্র অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে।
তবে ঐশ্বরিয়ার প্রচার সংক্রান্ত কর্মকর্তা জানিয়েছেন, ছাতা ছাড়াই তার ছবি তোলা হয়েছিল। পরবর্তীতে বিজ্ঞাপনটি তৈরির সাথে জড়িতরা সম্পাদনা করে ছাতাটি যুক্ত করেছে। সূত্র: বিবিসি
