‘হামলায় বিএনপির ভোট বেড়েছে ৩ গুণ’

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ২০:৪৬
 
 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন,সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীর যে পরিমান ভোট ছিলো, খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় এর তিনগুণ বেড়েছে।
 
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
 
খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়া তিনদিন নির্বাচনী প্রচার কাজে বের হয়েছেন। ওই তিনদিনই তার ওপর হামলা করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। সরকার দলের সমর্থকরা উন্মাদ হয়ে গেছেন। আর তাদের এ অগণতান্ত্রিক আচরণের ফলে বিএনপির আগে যা ভোট ছিল তার চেয়ে তিনগুন বেড়ে গেছে।
 
প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বচানের ব্যাপারে যদি আপনি সরকারের মতামতের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নিতে না পারেন তাহলে দয়া করে পদত্যাগ করুন। ইতিহাসে আপনার নাম লেখা থাকবে।
 
তিনি বলেন, সরকারের সোনার ছেলেরা ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে আর বলছে আপনারা ভোট কেন্দ্রে গেলে আর ফিরে আসতে পারবেন না। তাই ওদিকে না যাওয়াই ভালো।