ঢাবি সাংবাদিকতা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ২২:১৩
 
উৎসব-মুখর পরিবেশ আর বৈশাখী আমেজে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালমনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বর্ণাঢ্য সব আয়োজনের মধ্য দিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
 
পুনর্মিলনী উপলক্ষে বিকাল ৩টা থেকে বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা টিএসসিতে মিলিত হয়। ফলে পুরো টিএসসি এলাকা পরিণত হয় নবীন-প্রবীণের মিলনমেলায়। সাংস্কৃতিক অনুষ্ঠান-আড্ডা-গানের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন বিভাগের শিক্ষার্থীরা।
 
পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রহমান, বিভাগটির শিক্ষক অধ্যাপক শেখ আব্দুস সালাম, অ্যালমানাইয়ের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস প্রমুখ।