ওয়ানডেতে ধারাবাহিক নৈপুণ্যের পুরস্কার হিসাবে সৌম্য সরকারের টেস্ট দলে ডাক পাওয়াটা খুব একটা অস্বাভাবিক ছিলো না। সৌম্যর সঙ্গে টেস্ট দলে ডাক পেয়েছেন আরো দুই নতুন মুখ লিটন দাস ও মোহাম্মদ শহীদ।
এই তিন জনকে নিয়ে গতকাল গভীর রাতে ঘোষণা করা হয়েছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ১৪ সদস্যের দল।
দলে জায়গা ধরে রেখেছেন সর্বশেষ টেস্ট সিরিজে ভালো খেলা লেগ স্পিনার জুবায়ের হোসেন ও ওপেনার ইমরুল কায়েস। তাসকিন ও মাশরাফি টেস্ট না খেলায় দলে থাকছেন শাহাদাত হোসেন। ঘরোয়া ক্রিকেটে দ্রুতগতির বল করার জন্যই দলে ডাক পেয়েছেন শহীদ।
দল ঘোষণা করার সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসাবেই ডাক পেয়েছেন নবাগতরা।
বাংলাদেশ টেস্ট দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন ও মোহাম্মদ শহীদ।
