সারাদেশে ভূমিকম্পকালে চারজনের মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০১৫, ১৯:৪৮
 
রাজধানী ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নওগাঁ, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে উচ্চ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুরে দুই দফায় এই ভূমিকম্প অনুভূত হয়। এতে পদদলিত হয়ে সাভারের এক পোশাক শ্রমিক, আতঙ্কে পাবনায় ও টাঙ্গাইলে দুই নারী, বগুড়ায় দেয়াল চাপায় অপর এক নারী মারা গেছেন।
 
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট মাহমুদুল কবির জানিয়েছেন, বাংলাদেশ সময় দুপুর ১২টা ১১ মিনিট ২৭ সেকেন্ড এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উত্পত্তিস্থল ঢাকা থেকে ৭৪৫ কিলোমিটার দূরে নেপালের পোখরাতে। উত্পত্তিস্থলে এই তীব্রতা ছিল ৭ দশমিক ৫ মাত্রার।
 
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, উত্পত্তিস্থল ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৯। এটির গভীরতা ছিল ১৫ কিলোমিটার। পর্যটন শহর পোখরা থেকে ৬৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পের কেন্দ্রস্থল।
 
 
আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, ধারণা করা হচ্ছে, বাংলাদেশে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ বা তার কিছু বেশি।
 
রাজধানীর মেরুলবাড্ডার ডিআইটি প্রজেক্টের  ১৪ নম্বর রোডের একটি ছয়তলা ভবন সামান্য হেলে পড়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
সাভার প্রতিনিধি জানিয়েছেন, ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদদলিত হয়ে ঢাকার সাভারে পোশাক কারাখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো শতাধিক। শনিবার আল মুসলিম গ্রুপের এক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৫০ জনকে তাদের ওখানে ভর্তি করা হয়েছে। তবে তাত্ক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পাবনা প্রতিনিধি জানিয়েছে, দুপুর সোয়া ১২টার দিকে বাড়ির পাশে সড়কে হাঁটার সময় ভূ-কম্পনে আতঙ্কিত হয়ে রাস্তায় পড়ে আঘাত পান রোকেয়া খানম ইতি (৬৫)। স্থানীয়রা  উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।  রোকেয়া অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা ও পাবনা পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন।

 

 
বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, ভূমিকম্পের সময় বগুড়ার দুপচাঁচিয়ার অনন্ত সিংড়া গ্রামের বয়েজ উদ্দিনের স্ত্রী মোরশেদা (৫৫) দেয়াল চাপায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন এএসপি গাজিউর রহমান। 
 
টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, ভূমিকম্পে মিনারা বেগম পরী নামে ২২ বছরের এক গৃহবধূ মারা গেছেনে। তিনি ঘর কাঁপতে দেখে ভয়ে অজ্ঞান হয়ে যান। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের স্বামী সুকুমুদ্দিন একজন ট্রাক চালক। তাদের বাড়ি কুড়িগ্রামে বলে জানা গেছে।