ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শনিবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ নিষেধাজ্ঞা দেয়। এ ছাড়া ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ২৮ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১ মে রাত ১২টা পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন, প্রদর্শন নিষিদ্ধ থাকবে। যদি কারও কাছে এসব অস্ত্র পাওয়া যায় তাহলে অস্ত্র আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া ২৬ এপ্রিল রাত ১২টা থেকে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো প্রার্থী কোনো ক্যাম্প স্থাপন করতে পারবে না বলে জানানো হয়।
