ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী কোচ হিসেবে সহকারী কোচ রায়ান গিগসকেই এগিয়ে রেখেছেন ক্লাবটির প্রধান কোচ লুইস ফন গাল।
ওল্ড ট্র্যাফোর্ডের হয়ে দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে গিগস ৯৬৩ ম্যাচ খেলে সর্বকালের সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই সময়ের মধ্যে তিনি ক্লাবের ২২টি বড় শিরোপা জয়ের সাক্ষী হয়ে আছেন। সাবেক কোচ স্যার এ্যালেক্স ফার্গুসনের অধীনে ম্যান ইউ এই শিরোপাগুলো দখল করেছিল। ২০১৩ সালে তত্কালীন কোচ ডেভিড ময়েসের অধীনে ৪১ বছর বয়সী গিগস কোচিং দলে নাম লেখান। গত এপ্রিলে এই স্কটিশ কোচকে যখন তার পদ থেকে সড়িয়ে দেয়া হয় তখন কিছুদিন ক্লাবের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে গিগস কাজ করেছেন। তার অধীনে ম্যান ইউ চারটি ম্যাচের মধ্যে দুটিতেই জয়লাভ করেছে।
গত বছরের গ্রীষ্ম মৌসুমে ফন গাল তার সহকারী হিসেবে গিগসকে নিয়োগ দেন। গিগসের ভূয়শী প্রশংসা করে ডাচম্যান ফন গাল বলেছেন, তিনি বিশ্বাস করেন ভবিষ্যতে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ্যতার বিচারে গিগসেরই দলের দায়িত্ব নেবার সব ধরনের সুযোগ আছে। স্থানীয় গণমাধ্যমে ফন গাল বলেছেন, আশা করছি আমি চলে যাবার পরে গিগসই হবে দলের পরবর্তী ম্যানেজার। এখন দলের দায়িত্ব আমার কাঁধে। সে আমার কাছ থেকে যা নিচ্ছে সেটাই ভালভাবে করার চেষ্টা করছে।
২০১৭ সালের গ্রীষ্মে ফন গালের সাথে ইউনাইটেডের বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন কোচ হিসেবে এটাই তার শেষ কাজ।
