ওয়াকার ইউনিসের পদত্যাগ চান রশিদ লতিফ

আপডেট : ২৫ এপ্রিল ২০১৫, ২০:০৮
 
বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ও একমাত্র টি-২০ ম্যাচেও পরাজয়ের পর পাকিস্তান কোচ ওয়াকার ইউনিসকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। লতিফ বলেছেন, ‘ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একমাত্র টি-২০ ম্যাচেও বিশাল ব্যবধানে এভাবে দলের পরাজয়ের পর ওয়াকার নিজ থেকেই পদত্যাগ করলে ভাল হবে বলে আমি মনে করছি।’
 
উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। কিন্তু তারপরও এভাবে পরাজয় মেনে নেয়া যায় না এবং এজন্য কর্তৃপক্ষ দায়ী। কোনো ম্যাচেই তারা সঠিক একাদশ মাঠে নামাতে পারেনি।’
 
আসন্ন টেস্ট সিরিজেও পাকিস্তানকে কঠিন সময় পার করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট যেভাবে চলছে তাতে বাংলাদেশ সফরে পরাজিত হয়ে এমন অবস্থার সমুখীন হতে হবে বলে তিনি আগেই সতর্ক করেছিলেন। শোয়েব বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজ হেরেছি, একমাত্র টি-২০ ম্যাচে হেরেছি এবং আমি টেস্ট ম্যাচেও একই ফল দেখছি।’ তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটকে কিভাবে সামনে এগিয়ে নিতে হবে সে সম্পর্কে টিম ম্যানেজমেন্টের কোনো ধারণাই নেই।’
 

শোয়েব বলেন, ‘এমনকি তারা এখনো তাদের প্লেয়িং কম্বিনেশনই খুঁজে পায়নি, যা অগ্রহণযোগ্য। গত দুই তিন বছরে পাকিস্তান ক্রিকেট টিকে ছিলো কেবলমাত্র স্পিনারদের বদৌলতে। কিন্তু এখন তাদের সামনে কঠিন সময়।’