সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে গাড়িবহর নিয়ে প্রচারে নেমে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সতর্ক করেছেন ঢাকা উত্তর ও দক্ষিনের রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শনিবার সকালে এ সংক্রান্ত চিঠি বিএনপি প্রধানের গুলশান কার্যালয় ও নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পৌছে দেয়া হয়েছে।
শুক্রবার রাতেই দুই রিটার্নিং অফিসারকে চিঠি দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও খালেদা জিয়াকে এরূপ কাজ থেকে বিরত থাকার জন্য চিঠি দেয়ার নির্দেশ দেয়া হয়। সকালেই বিএনপি চেয়ারপারসনের কাছে এই চিঠি পাঠানোর পরে তিনি আর প্রচারে বের হননি।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ জানান, তার স্বাক্ষরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে খালেদা জিয়ার ঠিকানায় পাঠানো হয়েছে। এতে গত ছয় দিনে বিএনপি নেত্রীর প্রচার কার্যক্রম আচরণবিধি পরিপন্থি হওয়ার বিষয়গুলো তুলে ধরা হয় এবং তাকে বিধি লংঘন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
একইভাবে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো:শাহ আলমের স্বাক্ষরিত চিঠি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর নিয়ে প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় সাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি তার গাড়ি বহরের ওপর কিছু ব্যক্তি অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করছে। এই দুই চিঠিতে গত ১৮ এপ্রিল থেকে তার কার্যক্রম তুলে ধরে বলা হয়েছে, এসব কাজ আচরণবিধির পরিপন্থি, যা শাস্তিমূলক অপরাধ। এসব বিধি অবগত করে এরূপ কাজ থেকে বিরত থাকার বিশেষ অনুরোধ জানান হয়েছে খালেদা জিয়াকে।
