এবারো চ্যাম্পিয়ন দিদার বলি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৫, ২১:৩৮
 
ঐতিহাসিক জব্বারের বলি খেলার ১০৬তম আসরেও চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের রামু উপজেলার দিদার বলি। শনিবার বিকেল পাঁচটার দিকে ব্রাক্ষ্মণবাড়িয়ার অলি বলিকে পরাস্ত করে নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখেন। ঐতিহ্যবাহী এই জব্বারের বলীখেলায় ১৫ বার অংশ নিয়ে ১৪ বারই চ্যাম্পিয়ন হলেন তিনি।
 

এর আগে বিকেল চারটার দিকে জব্বারের বলি খেলা উদ্ধোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ান দিদার বলির হাতে ক্রেস্ট ও নগদ ১৫ হাজার টাকা তুলে দেন। জব্বারের বলি খেলা আয়োজক কমিটির সভাপতি জহর লাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নগর পুলিশের ডিসি (দক্ষিণ) কামরুল আমিন, বাংলালিংকের চট্টগ্রাম রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র। মোশাররফ হোসেন বলেন, বলি খেলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খেলা। আমি যখন ছোট্ট ছিলাম, তখন থেকে আমি জব্বরের বলি খেলায় আসতাম। এই খেলার সাথে চট্টগ্রামবাসীর প্রাণের সম্পর্ক। তিনি বলেন, আজকের এই দিনে আমার চাওয়া জঙ্গিবাদ নিমূল হোক। চট্টগ্রাম একটি সুন্দর নগরী হোক। সামপ্রদায়িতকা মুক্ত হয়ে শান্তিতে থাকুক চট্টগ্রামবাসী।এদিকে চ্যাম্পিয়ান হওয়ার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় দিদার বলি সাংবাদিকদের বলেন, দেশের বাইরে থেকে আরো বেশী সংখ্যক বলি আসলে খেলা আরো সুন্দর হবে। তবে এবারও ব্রাক্ষণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে বলি এসেছে। এতে কঠিন চ্যালেঞ্জ করে জিততে হয়েছে।জব্বারের বলি খেলার ১০৬ তম আসরে অংশ গ্রহণ করেন ৫০ জন বলি। এদের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন চারজন। ফাইনালে লড়েন কক্সবাজারের দিদার বলি ও ব্রাক্ষ্মণবাড়িয়ার অলি বলি। এদিকে নগরীর লালদিঘী ময়দানে অনুষ্ঠিত জব্বার মিয়ার বলী খেলা দেখতে শনিবার দুপুরের পর থেকে সমবেত হয় লক্ষাধিক মানুষ। দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে লালদিঘীর মাঠে উপস্থিত হন চট্টগ্রামবাসী।