সেনারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে: ইসি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৫, ২১:৫৮
 
 
 
 
আগামী ২৮ এপ্রিল ২০১৫ তারিখে অনুষ্ঠেয় তিন সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইতিপূর্বে ২০০১ এবং ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়। ওই সময় ছাড়া আর কোনো সময়ই সেনাবাহিনী অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কেন্দ্রে কেন্দ্রে বা রাস্তায় টহল দেয়নি। সেনাবাহিনী রিজার্ভ ফোর্স হিসেবে অবস্থান নেয় এবং রিটার্নিং অফিসার ডাকলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পরিস্থিতি মোকাবিলা করেছে।
জাতীয় সংসদ এবং উপজেলা নির্বাচন যেহেতু সারা দেশে অনুষ্ঠিত হয় সে জন্য তাদের সুবিধামতো বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প করে থাকতে হয়। তারা ক্যাম্পেই রিজার্ভ ফোর্স হিসেবে অবস্থান করে থাকে। ডাক পড়লে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করে। আসন্ন সিটি করপোরেশন নির্বাচন যেহেতু শুধু ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মধ্যে সীমাবদ্ধ এবং সেনানিবাস শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, সেহেতু সেখান হতে মিরপুর বা উত্তরা যাওয়া যেমন সহজ তেমনি দক্ষিণে যাওয়াও সহজ। তাই সুবিধার জন্য ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থান করলেও কমিশন কর্তৃক মোতায়েনকৃত সেনাবাহিনীর ইউনিটসমূহ সম্পূর্ণ প্রস্তুুত অবস্থায় থাকবে, যেভাবে সেনানিবাসের বাইরে বিভিন্ন স্টেডিয়াম কিংবা অন্যান্য অস্থায়ী ক্যাম্পে থেকে থাকে। যাতে ডাক পড়লে তাত্ক্ষণিকভাবে তারা মুভ করতে পারে। সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পেই থাকুক আর সেনানিবাসেই থাকুক তাদের মুভমেন্ট সময় একই থাকবে এবং তাতে করে তাদের কার্যকারিতাও সমান পর্যায়েই থাকবে। এ ছাড়া, ভোটগ্রহণের দিন বিভিন্ন যানবাহনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে ফলে রাস্তায় যানজট থাকবে না। তাই খুব দ্রুতই সেনাবহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারবে।