একবিংশ শতাব্দীতে বেশ কয়েকটি ভূমিকম্পের ধ্বংসলীলা দেখছে বিশ্ব। গত ১৫ বছরে বড় পাঁচটি ভূমিকম্পে প্রাণ হারিয়েছে সাড়ে ছয় লাখের বেশি মানুষ। এসব ভূমিকম্পের বেশিরভাগের উত্পত্তিস্থল এশিয়ায়। বিবিসির এক খবরের তথ্য অনুযায়ী ২০০৩ সালে শতকের প্রথম ভয়াবহ ভূমিকম্প হয় ইরানে। বাম শহরের নিকটে রিকটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার ঐ ভূমিকম্পে ২৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। এরপর ২০০৪ সালে ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প। ইন্দোনেশিয়ার আচেহ’র সুমাত্রা প্রদেশের ৯ দশমিক ১ মাত্রার ঐ ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে ১২টিরও বেশি দেশে দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।
২০০৫ সালে ভূমিকম্প হয় এই দক্ষিণ এশিয়াতেই। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের মুজাফফারাবাদের কাছের উত্পত্তিস্থলে ৭ দশমিক ৬ মাত্রার ঐ ভূমিকম্পে প্রায় এক লাখ লোক প্রাণ হারায়। এরপর বড় ভূমিকম্পের উত্পত্তিস্থল হলো চীন। ২০০৮ সালে চীনের পূর্ব সিচুয়ান প্রদেশের ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় ৯০ হাজার মানুষ।
২০১০ সালে ভূমিকম্পের ভয়াবহতা দেখে হাইতির মানুষ। ৭ মাত্রার ঐ ভূমিকম্পে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ নিহত হন। সর্বশেষ গতকাল নেপালের এই ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
