কাঠমান্ডুতে নিরাপদে নারী ফুটবলাররা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ০০:০৬

নেপালের ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশের নারী ফুটবলাররা ক্ষতির সম্মুখীন হয়নি। তারা এখন নিরাপদে আছেন। কাঠমান্ডুতে টিম হোটেলে অবস্থান করছেন বাংলাদেশের অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলাররা। দলে রয়েছেন—১৮ ফুটবলার, কোচ, সহকারী কোচ ২ জন, ৫ কর্মকর্তা এবং ২ জন মহিলা রেফারি। ত্রিভুবন বিমানবন্দর চালু হলেই যে কোনো সময় ফুটবল খেলোয়াড়রা বাংলাদেশের পথে রওনা দেবেন বলে বাফুফে জানিয়েছে।

 
বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, তারা নেপালে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ রাখছেন। কিরণ বলেন, দূতাবাস থেকে আমাদের জানানো হয়েছে তারা বিমানের সাথে কথা বলছে। ফ্লাইট চালু হলেই বাংলাদেশের ক্ষুদে ফুটবলারদের বিমানে তুলে দেয়া হবে। তিনি জানিয়েছেন, নেপালে সর্বক্ষণ যোগাযোগ রয়েছে। খেলোয়াড়রা কোনো সমস্যায় নেই। সবাই ভালো আছে। ভয়াবহ ভূমিকম্পে কাঠমান্ডুর বাংলাদেশের টিম হোটেলের কোনো ক্ষতি হয়নি বলে আমি কথা বলে জেনেছি। হোটেলে সবাই নিরাপদে অবস্থান করছে।
 

এএফসি অনুর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে নেপালে গিয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা। বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে উঠেছিল। গতকাল শনিবার বিকালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে বাংলাদেশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।  কিন্তু ভূমিকম্পের কারণে সেই ম্যাচ আপাতত স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। জানা গেছে, দশরথ স্টেডিয়ামের বড় গেইট ভেঙ্গে গিয়েছে। গ্যালারিতে ফাটল দেখা দিয়েছে। দেয়াল ভেঙ্গে গিয়েছে। ফাইনাল ম্যাচ কবে হবে তা বলা হয়নি। তবে বাফুফে ফাইনাল ম্যাচটি বাংলাদেশে আয়োজন করার জন্য এএফসির সাথে কথা বলবে।