ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও ডিসিসির কাউন্সিলর প্রার্থীরা। প্রার্থীরা কাক ডাকা ভোরে ঘর থেকে বের হচ্ছেন আর ফিরছেন মধ্য রাতে। ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন গতকাল শনিবার পুরান ঢাকার বেশ কয়েকটি জায়গায় গণসংযোগ শেষে গোলটেবিল বৈঠকে যোগদান করেন। ইলিশ মাছ প্রতীক নিয়ে নির্বাচন করা সাঈদ খোকন বলেন, সরকারের অন্তত ২০টি মন্ত্রণালয়ের সঙ্গে সিটি করপোরেশনকে কাজ করতে হয়। এ বিষয়ে সকলের সঙ্গে সমন্বয় থাকতে হবে। নির্বাচিত হলে যানজট নিরসনসহ অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা করবো। দুর্নীতিমুক্ত নগর গড়ারও প্রতিশ্রুতি দেন সাঈদ খোকন।
গোলটেবিল বৈঠক শেষে সাঈদ খোকন দৈনিক যুগান্তর পত্রিকা অফিসে অপর এক গোলটেবিল আলোচনায় যোগ দেন। সেখানে তিনি যোগ্য প্রার্থীদের ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান। গোলটেবিল আলোচনা শেষে সাঈদ খোকন পুনরায় নির্বাচনী গণসংযোগ শুরু করেন। তিনি নবাবপুর থেকে গণসংযোগ শুরু করেন। তিনি এসময় ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
