‘একুশে দুপুর’ থেকে উঠে গেলেন তারকা:গতকাল ভূমিকম্প চলাকালীন একুশে টেলিভিশনে প্রচারিত হচ্ছিল তারকা লাইভ ‘একুশে দুপুর’। অনুষ্ঠানে অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী বিউটি। ক্যামেরার দায়িত্বে যারা ছিলেন ফ্রেম না কেটেই স্টুডিও থেকে দ্রুত বের হয়ে যান। ফ্রেম কাটতেও তারা ভুলে যান। সে সময় অতিথি সঙ্গীতশিল্পী বিউটি নিজ হাতেই মাইক্রোফোন খুলে দৌড়ে স্টুডিও থেকে বের হয়ে যান। অন্যদিকে উপস্থাপিকা জুলিয়া পড়ে যান এক বিব্রতকর পরিস্থিতিতে। লাইভ অনুষ্ঠানে তিনি কি করবেন! অনেকটা চিন্তাগ্রস্থ হয়ে লাইভেই বলছিলেন, ‘দর্শক এই মুহূর্তে ভূমিকম্প হচ্ছে ,যা আপনারা হয়তো অনুভব করছেন এবং টিভি পর্দায় লক্ষ্য করছেন ক্যামেরা কাঁপছে । এই অবস্থায় অনুষ্ঠান চালিয়ে যাওয়া সম্ভব নয়। একুশের দুপুর এখানেই শেষ করছি।’
এবিপি আনন্দ চ্যানেলে লাইভ অনুষ্ঠান থেকে দ্রুত বেরিয়ে গেলেন রাজনৈতিক ব্যক্তিরা: পশ্চিম বাংলার চ্যানেল এবিপি আনন্দ চ্যানেলে ভূমিকম্পের সময় প্রচার হচ্ছিল রাজনৈতিক টক শো। স্টেন্ডিং ক্যামেরা তখন দুলছিল। ততক্ষণে কিছুটা আঁচ করতে পারলেও নিজ আসনেই সবাই বসে ছিলেন। হঠাত্ করেই উপস্থাপক বলতে থাকেন এই মুহূর্তে ভূমিকম্প হচ্ছে। উপস্থাপক বলছিলেন, ‘এই মুহূর্তে কলকাতায় ভূমিকম্প হচ্ছে। এই পানির গ্লাস তার প্রমাণ। ক্যামেরাসহ সবকিছু কাঁপছে।’ কিছুক্ষণ পর প্রোডাকশনের কয়েকজন সেটে ঢুকে সবকিছু বন্ধ করা শুরু করলে রাজনৈতিক ব্যক্তিরা সবাই সিট ছেড়ে উঠে যায়। ক্যামেরা অন থাকাকালীন সেটে তারা ভূমিকম্প নিয়ে আলোচনা করছিলেন। এরপর যে যার মতো মাইক্রফোন খুলে সেট থেকে বের হয়ে যেতে থাকেন।
‘দেখলাম সবাই এক জায়গায় জড়ো হচ্ছে, আমি কিছুই বুঝতে পারিনি’ :বনানীতে নাটকের শুটিং করছিলেন অভিনেত্রী মৌটুসি বিশ্বাস। আশেপাশে সবাই ভয়ে জড়ো হতে থাকলেও তখনও কিছুই বুঝতে পারেননি মৌটুসি। তিনি তখন কোনো একটি কাজে খুব ব্যস্ত ছিলেন, তাই অন্যদিকে খবর নেয়ার কোনো সময় পাননি। তিনি বলেন, ‘আমি একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আমি তখনও কোনোকিছু বুঝতে পারিনি। দেখলাম সবাই এক জায়গায় জড়ো হচ্ছে। বিষয়টিকে খুব একটা পাত্তা দিলাম না। যখন সবকিছু প্রায় শেষ আমাকে তখন কেউ একজন বললো ভূমিকম্প হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে বাসায় ফোন দিয়ে খবর নিলাম। এরপর বাইরে বের হয়ে দেখলাম বনানীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও অফিসের সবাই বাইরে বের হয়ে এসেছে। এরপর ফেসবুকে অনেক ঘটনা দেখতে পেলাম।’
‘সবাই বাসা থেকে নিচে নেমে আসি’ : সঙ্গীতশিল্পী লিজা ছিলেন তার বাসায়। ভূমিকম্পের সময় বাসার সবাই বাসা থেকে নিচে নেমে আসেন। লিজা বলেন,‘সোবহানবাগে আমার বাসায় ছিলাম আমি। ছয় তলায় আমাদের ফ্ল্যাট। আমি বিছানায় ছিলাম, হঠাত্ অনুভব করছিলাম আমার খাট কেউ নাড়াচ্ছে। একটু পর মা আমার রুমে এসে বললো ভূমিকম্প হচ্ছে। বাসার সবাই ডাইনিং রুমে দাঁড়ালাম তখন দেয়াল ধরে দেখি দুলছে। সবাই একসাথে নিচে নেমে আসি। খুব ভয় হচ্ছিল তখন। নিচে নেমে দেখি সেখানে আশেপাশের সবাই নেমে এসেছে।’
এটিএন বাংলার স্টুডিওতে তখন চলছিল স্টুডিও লাইভ :সমসাময়িক বিষয় নিয়ে এটিএন বাংলায় চলছিল টক শো ‘প্রসঙ্গ’। প্রায় শুরুর দিকেই ভূমিকম্প শুরু হয়। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম, অতিথি ছিলেন মামুর রশীদ। যেহেতু অন এয়ারের আগে ভূমিকম্প শুরু হয় তাই তাত্ক্ষণিক সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
‘আমার লো প্রেসার, তাই ভাবছিলাম আমার মাথা ঘুরাচ্ছে’:ভূমিকম্পের সময় এফডিসিতে চলছিল ‘ভয়ংকর সুন্দর’ ছবির শুটিং। সেটে ছিলেন চিত্রনায়িকা ভাবনা। পরমব্রত তখনও সেটে পৌঁছায়নি। যখন ভূমিকম্প হচ্ছিল ভাবনা তখন মেকআপ নিচ্ছিলেন পরবর্তী শর্টের জন্য। সেই সময়কার অভিজ্ঞতায় ভাবনা বলেন, ‘আমি মেকআপ নিচ্ছিলাম, এমন সময় আমার মাথা ঘুরাচ্ছিল। আমি ভাবলাম আমার লো প্রেসার তাই মাথা ঘুরাচ্ছে। এমন সময় লুত্ফর রহমান জর্জ মেকআপ রুমে এলেন। জর্জ ভাই আমাকে বললেন বাইরে বের হতে, ভূমিকম্প হচ্ছে। আমি দ্রুত বের হয়ে যাই। শিল্পী সমিতির সামনে আমরা সবাই জড়ো হই। পরমব্রত তখনও সেটে আসেননি। ভূমিকম্প যখন থামলো তখন পরমব্রত সেটে আসে।’
তারকাদের ফেসবুকেও ভূমিকম্প আতঙ্ক:
গতকাল ভূমিকম্প চলকালীন তারকাদের ফেসবুকে পোস্ট হতে থাকে ভূমিকম্প সম্পৃক্ত বিভিন্ন স্ট্যাটাস। শোবিজ অঙ্গনের কয়েকজনের স্ট্যাটাস নিয়ে সাজানো হলো তারকাদের ভূমিকম্পে ফেসবুক প্রতিক্রিয়া। চিত্রনায়ক আরেফিন শুভ পোস্ট করেন, ‘দেহ-মন-পৃথিবী সবই নড়ে উঠলো’। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম পোস্ট করেন, ‘ঘরের সবকিছু যেন নড়ছিল। ভূমিকম্প হয়েছে টের পেলাম।’ ইরেশ যাকের পোস্ট করেন, ‘সাকিব আর সাব্বির কালকে এমন মারা মেরেছে যে আজও ভূমিকম্প হচ্ছে!’। চিত্রনায়ক নীরবের পোস্ট, ‘এতটা কাঁপছিলাম যে একটা ছবি ওঠাতে চেষ্টা করলেও ফোকাস হচ্ছিল না।’