বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিটি করপোরেশন নির্বাচনে আর প্রচারণায় নামছেন না। শনিবারও তিনি জনসংযোগে বের হননি। আজ রবিবার বেলা দুইটায় এক সাংবাদিক সম্মেলন ডেকেছেন বেগম জিয়া। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে দল সমর্থিত দুই প্রার্থীর পক্ষে গত ৬ দিন নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করেন বেগম জিয়া। নির্বাচনী গণসংযোগের সময়ে পর পর চারদিন তার গাড়ি লক্ষ্য করে হামলায় ক্ষতিগ্রস্ত হয় তার ব্যক্তিগত গাড়িসহ নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের ব্যবহূত গাড়িও। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা (সিএসএফ) এর ৬ জন সদস্য আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার গণসংযোগে বের না হলেও শুক্রবার ক্ষতিগ্রস্ত গাড়ি মেরামত করে নির্বাচনী গণসংযোগে অংশ নেন খালেদা জিয়া। গতকাল বাসায় থেকেই তিন সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম মনিটরিং করেন তিনি।
দলীয় একটি সূত্রমতে, নির্বাচনী প্রচারে নামলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিতে পারে এ পূর্বাভাসেই গতকাল প্রচারণায় না নামার সিদ্ধান্ত নেন বেগম খালেদা জিয়া।
