পরিনিতি চোপড়ার ছবিতে এবার প্রযোজনা করবেন তার চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে তাদের সম্পর্কের ভাবের খবর যেমন এসেছে তেমনি তাদের সম্পর্কে বিরোধের সুরও বেজেছে কয়েকবার। কিছুদিন আগেই পরিনিতি বলেছেন প্রিয়াঙ্কার পরিচয়ে নয়, নিজের পরিচয়েই তিনি বলিউডে টিকে থাকতে চান। তবে এবার সম্পর্কের সময়টা দু’জনেরই প্রতিকূলেই যাচ্ছে। পরিনিতির শেষ ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়লে আর নতুন কোনো ছবিতে দেখা মেলেনি তার। মাঝে এই বিরতির পর বোনের প্রযোজিত ছবি নিয়ে ফিরছেন আবারও নতুন করে।
‘ম্যাডামজি’ ছবির মধ্য দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান প্রিয়াঙ্কা। সেখানে অভিনয়ও করেন তিনি। এরপর তার দ্বিতীয় প্রযোজিত ছবির নায়িকা হতে যাচ্ছেন তার বোন পরিনিতি। পরিনিতির হাতে এখন কয়েকটি ছবির প্রস্তাব আছে। যে ছবিটি তার পছন্দ হবে সেটিই প্রযোজনা করবেন প্রিয়াঙ্কা। এ প্রসঙ্গে পরিনিতি বলেন, ‘প্রিয়াঙ্কার সাথে শুধু বোনের সম্পর্ক নয়। প্রিয়াঙ্কা আমার খুব ভালো বন্ধু। ওর পরবর্তী ছবিতে আমি কাজ করছি। এখানে পারিবারিক সম্পর্কের চেয়ে কাজের সম্পর্কটাই বেশি। কারণ যেহেতু ও প্রযোজনা করছে তাই আমি চাইবো প্রথমত, কাজের জায়গা থেকেই ব্যবসাসফল একটি ছবি উপহার দিতে।’
