মধ্যরাতে হামলায় আহত মাহী

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৪:০৪
দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী বিকল্পধারার নেতা মাহী বি চৌধুরী ও তার স্ত্রী। 
 
মাহীর নির্বাচনী প্রচার সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, শনিবার রাত দুইটার দিকে রাজধানীর তেজগাঁওয়ে সিটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে এগোনোর পর সাত রাস্তার মোড়ে বিজি প্রেসের সামনে ৮-১০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে মাহী বি চৌধুরীকে বহন করা গাড়িতে হামলা চালায়। 
 
হামলায় মাহী বাম হাত ও চোখে আঘাত পেয়েছেন। তার স্ত্রী আশফাহ হক লোপা এবং গাড়ি চালক শহীদ মণ্ডলও আঘাত পেয়েছেন।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতেই মাহী ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
 
রবিবার সকালে তেজগাঁও থানার উপপরিদর্শক শাহিদা আক্তার বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। উনারা চিকিৎসা নিচ্ছেন। পরে অভিযোগ করলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।’