নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা আফরোজা আব্বাসের

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ২০:৪৪
ঢাকা সিটি দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী  আফরোজ আব্বাস বলেছেন, আমি গণসংযোগে মানুষের খুব কাছে গিয়ে তাদের ভেতরের আকুতি দেখতে পেয়েছি। নগরবাসী দুঃসময় থেকে পরিত্রাণ চায়। নিরাশার বলয় থেকে বেরিয়ে আসতে চায়। সুন্দর,সম্ভাবনাময়, বিশ্বায়নের উপযোগী ঢাকা গড়তে নগরবাসী মির্জা আব্বাসকেই মেয়র পদে ভোট দিয়ে বিজয়ী করতে চায়।
 
রবিবার এক সাক্ষাতকারে আফরোজা আব্বাস এক প্রশ্নের জবাবে বলেন,২৮ এপ্রিল নির্বাচনে ভোটের মাধ্যমে ঢাকাবাসী সরকারকে জবাব দেবে। ভোট চাওয়া মির্জা আব্বাসের অধিকার, এই অধিকার সরকার দেয়নি। আমাদের বিএনপির কাউন্সিলর প্রার্থী যারা আছেন তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে।
 
তিনি বলেন, খালেদা জিয়া প্রচারে নেমেছিলেন, তার প্রাননাশের চেস্টা করা হয়েছে। প্রার্থীদের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। কিন্তু জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা ভয় পাই না। ভোটে অনিয়ম, ভোট ডাকাতি না হলে আমরা বিজয়ী হবো। অপর এক প্রশ্নের উত্তরে আফরোজা বলেন, আমরা সেনাবাহিনী দিতে বলেছিলাম। কিন্তু দেয়া হয়নি। সেনা বাহিনী দিলে জনগণ নিরাপদে ভোট দিতে পারতো।
নির্বাচনের যে পরিবেশ চলছে তাতে সেনাবাহিনী মোতায়েন করা না হলে ভোটের দিন প্রথম প্রহরেই সরকারি দলের ক্যাডাররা ভোটবাক্স ছিনতাই করে নিয়ে যাবে। নির্বাচনকে প্রভাবিত করতে সরকার সেনাবাহিনী মোতায়েন করতে চাচ্ছে না।
 
তিনি বলেন,আমরা আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী এবং মিডিয়ার নিরপেক্ষ ভুমিকা চাই। কোনো পক্ষপাতিত্ব চাই না। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে, গণমাধ্যম এবং জনগণ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে তাহলে ফলাফল যাই হোক আমরা মেনে নেবো। তিনি বলেন,নির্বাচন কমিশন সেনা মোতায়েন ও কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি না বসালে মনে করব তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন একটি নির্বাচন করতে চায়।
 
আফরোজা আব্বাস  বলেন, মেয়র হিসেবে কাজ করার অভিজ্ঞতা মির্জা আব্বাসের রয়েছে। এবার নির্বাচিত হলে, বিশ্বায়ন উপযোগী বাসযোগ্য পরিচ্ছন্ন ঢাকা গড়াই হবে তার অন্যতম লক্ষ্য। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে সবার বাসযোগ্য বিশ্বায়নের উপযোগী করে ঢাকাকে গড়ে তোলা হবে। বর্তমানে ঢাকা শহর বিশেষ করে পুরান ঢাকার রাস্তাঘাটগুলোর অবস্থা খুবই খারাপ। ফুটপাত থাকলেও মানুষ সেখান দিয়ে হাঁটতে পারে না।
 
আফরোজা আব্বাস  বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। সাধারণ মানুষ এমনকি কোমলমতি শিশুদের মুখে কাপড় দিয়ে রাস্তায় হাঁটতে হচ্ছে। তাই মানুষ যাতে মুক্ত নিঃশ্বাস নিয়ে হাঁটতে পারে সে লক্ষ্যে কাজ করা হবে।
 
তিনি বলেন, ইতিমধ্যে মির্জা আব্বাস তার ইশতেহারে ১০ দফায় ৯৮ প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচিত হলে সবার সহযোগিতা নিয়ে মির্জা আব্বাস তার প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করবেন। নগরবাসীর যে কোনো সমস্যা সরাসরি শোনার জন্য সপ্তাহে একদিন সময় দেয়া হবে। তাদের সমস্যা শুনে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।