বার্সার আরেকটি জয়

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৫:১৮
 
লা লিগায় আরেকটি জয় তুলে নিয়েছে বার্সেলোনা। শনিবার এসপানিওলকে ২-০ গোলে হারায় লুইস এনরিকের দল।
 
ম্যাচ শুরুর প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। ৬ষ্ঠ মিনিটে দারুণ একটি গোলের সুযোগ নষ্ট হয় বার্সেলোনার। ডি বক্সের বাইরে থেকে লিওনেল মেসির ক্রস ফাঁকায় পেয়েও ঠিকমতো পা লাগাতে ব্যর্থ হন জর্দি আলবা। আর ফিরতি বল পেয়ে ছোট ডি বক্সের সামনে থেকে সুয়ারেজ হেড করলেও তা ব্যর্থ হয়। অবশ্য এই ব্যর্থতার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ১৭তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। মাঝমাঠের কাছাকাছি থেকে মেসির লম্বা করে বাড়ানো বল আড়াআড়ি পাস দেন আলবা। সুয়ারেজ বল পেয়ে তা এগিয়ে দেন নেইমারকে। আর সুযোগটি কাজে লাগারে ব্যর্থ করেননি এই ব্রাজিলিয়ান ফুটবল তারকা। এর আট মিনিট পরেই দলেল ব্যবধান দ্বিগুণ করেন মেসি। সুয়ারেসের কাছ থেকে আড়াআড়ি পাস পেয়ে গোল করেন তিনি।
 
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে পরপর দুইটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আলবা। কিন্তু তারপরও থেমে থাকেনি বার্সেলোনার আক্রমণ। ৫৭তম মিনিটে মেসির একটি শট পোস্টে লেগে একটি গোল নষ্ট হয়। ৭৭তম মিনিটে আরো একটি গোলের সুযোগ নষ্ট করেন আর্জেন্টাইন তারকা। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে মাঠ ছাড়ে বার্সেলোনা।
 
এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ৩৩ ম্যাচে কাতালুনিয়ার দলটির পয়েন্ট ৮১। আর এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৭৬।