ভারপ্রাপ্ত সচিব হলেন দুই কর্মকর্তা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৫:৫৩
 
জনপ্রশাসনের দুইজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
 
আদেশে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকতারী মমতাজকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এদের নিয়োগ আদেশ ৩০ এপ্রিল থেকে কার্যকর হবে।
 
রেলপথ সচিব মো. মনসুর আলী সিকদার এবং সংস্কৃতি সচিব রণজিত কুমার বিশ্বাস আগামী ৩০ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। তাদের জায়গায় ফিরোজ সালাহ উদ্দিন এবং আকতারী মমতাজ নিয়োগ পেলেন।