নেপালে শুটিং করছিলেন একঝাঁক বাংলাদেশি শিল্পী!

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৬:১১
 
আমাদের দেশের টিভি নাটকে খানিক বাজেট বেশি থাকলেই কক্সবাজারের লোকেশন বাদ দিয়ে পুরো ইউনিট নেপালে উড়াল দেন। তাই বছরের প্রায় অনেকটা সময়ই কোনো না কোনো ইউনিট থাকে নেপালে। গতকাল দুপুরে নেপালে ভূমিকম্পের পর দেশটির নাগরকোট থেকে উঠতি অভিনেতা কল্যাণ স্ট্যাটাস লেখেন, ‘আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই অনেক বড় বিপদে আছি। নেপালে এখনও ভূমিকম্পের কবলে আছি আমরা। কিন্তু এই মুহূর্তে আমরা নিরাপদ অবস্থানে আছি। খুব শিগগিরই আমরা বাড়িতে ফিরে আসবো।’ এই স্ট্যাটাসের পর শাহরিয়ার নাজিম জয়, কল্যাণ, রুনা খান, নোমিরার সঙ্গে ফেসবুক ও ভাইবারে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের নেটওয়ার্কে পাওয়া যায়নি। তবে কল্যাণের স্ট্যাটাস থেকে বোঝা যাচ্ছে, তারা নিরাপদে আছেন।
 

উল্লেখ্য, একটি নাটকের শুটিংয়ের জন্য গত ২০ এপ্রিল নেপালে যান অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, কল্যাণ কোরাইয়া, রুনা খান, নোমিরা’সহ ইউনিটের কলাকুশলীরা। নেপালে যাবার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কল্যাণ ফেসবুকে জয়ের সঙ্গে সেলফি তুলে স্ট্যাটাস লেখেন, ‘ওড়ার আগে’। এরপর এই ভয়ঙ্কর ভূমিকম্পের পর পুরো ইউনিটের পরিবারের স্ব স্ব সদস্যরা উত্কণ্ঠার সাথে খোঁজ নিতে গেলে সেল ফোন, ভাইবার সবকিছুই নেটওয়ার্ক পেতে ব্যর্থ হয়। পরে কল্যাণের স্ট্যাটাস এবং পরে যোগাযোগের পর সকলে আস্বস্ত হন।