শীর্ষে থাকা চেলসি ইংলিশ লিগের শিরোপার জয়ের পথে আরো এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে স্বাগতিক আর্সেনালের বিপক্ষে মাঠে নামছে আজ। এই লক্ষ্য পূরণে অতিথি দলের কোচ হোসে মরিনহো গানারদের কোচ আর্সেন ওয়েঙ্গারের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডও আমলে নিচ্ছেন না। অতীত ইতিহাসের চেয়ে লিগ শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে যাওয়াটাই বড় করে দেখছেন চেলসি কোচ। তিনি বলেন, ‘আমি ওয়েঙ্গারের বিপক্ষে রেকর্ডের জন্য গর্বিত নই। আমার কাছে এই খেলাটিতে জয় পাওয়াটাই হবে বড় অর্জন। এক্ষেত্রে আর্সেনালের বিপক্ষে আগের ১২ খেলায় কী হয়েছে সেগুলোর দিকে তাকাবো না আমি।’
দুর্দান্ত নৈপুণ্যে আছে চেলসি। এই ছন্দে থাকার ধারাবাহিকতায় সব ধরনের প্রতিযোগিতায় গত ১২ খেলার একটিতেও হারেনি তারা। এমন অবস্থায় আর্সেনালের বিপক্ষে জয় পেলে চার ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগের চতুর্থ শিরোপার সুবাস পাবে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। গত বুধবার লিস্টার সিটির বিপক্ষে তিন পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথটা সুগম হয় চেলসির।
কোচ ওয়েঙ্গার এবং মরিনহোর অতীত সম্পর্কটা কখনোই তেমন ভালো ছিলো না। তাদের দল গত অক্টোবরেও মুখোমুখি হয়েছিলো। বরাবরের মতো ওই খেলায়ও ২-০ গোলে হারে গানাররা। খেলাটিতে বাকবিতণ্ডায়ও জড়িয়েছিলেন দুই কোচ ওয়েঙ্গার-মরিনহো। গানার ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজকে চেলসি ডিফেন্ডার গ্যারি কাহিলের একটি ট্যাকলের জের ধরে ওয়েঙ্গার মরিনহোকে বুকে ধাক্কা মেরেছিলেন। এরপরও ওয়েঙ্গারকে খাটো করে দেখছেন না এই পর্তুগিজ কোচ, ‘আমার কাছে তিনি প্রতিদ্বন্দ্বী নন—আমি এমনটা ভাবছি না। আমি কেবল জানি তিনি শহরের একটি বড় ক্লাবের কোচ, যেখানে আমিও কাজ করি এবং বসবাস করি।’
মরিনহো আরো বলেন, ‘দু’টি দলই শহরের বড় দল এবং তাদের লক্ষ্যও এক। এই কারণেই তাদের মধ্যকার খেলায় প্রতিদ্বন্দ্বিতা হয়। আমি ইন্টারমিলানে থাকার সময়ও এসি মিলানের সঙ্গে, রিয়াল মাদ্রিদে থাকার সময় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলায়ও এমনটা হতো।’
আর্সেনালের বিপক্ষে গোড়ালির চোট কাটিয়ে দিদিয়ের দ্রগবা খেলবেন বলে জানালেন মরিনহো। যদিও হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা দিয়েগো কস্তা এবং কাফ ইনজুরিতে থাকা লইক রেমির খেলা মাঠে ফেরা নিয়ে তেমন নিশ্চিত কিছু বললেন না তিনি। এদিকে খেলাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে চেলসি মিডফিল্ডার সেস ফেব্রেগাসের জন্য। ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আর্সেনালের হয়ে খেলেছেন এ স্প্যানিশ। ২০১১ সালে বার্সেলোনায় নাম লেখানোর পর ইত্তেহাদ স্টেডিয়ামে এটাই হবে তার প্রথম খেলা।
ছন্দে আছে আর্সেনালও। লিগে টানা আট খেলার সব ক’টিতে জয় নিয়ে চেলসির বিপক্ষে মুখোমুখি হচ্ছে তারা। ফলে এটাকেই কোচ মরিনহোর বিপক্ষে ব্যর্থতা কাটানোর সেরা সুযোগ হিসেবে দেখছেন গানারদের কোচ ওয়েঙ্গার, যিনি এই পর্তুগিজ কোচের বিপক্ষে গত ১২ খেলার একটিতেও জয় পাননি।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট শীর্ষে থাকা চেলসি থেকে ১০ কম। এরপরও আজকের খেলায় জয় পেলে গানাররা পরবর্তীতে সেই ব্যবধান ঘোচাতে পারবে বলে মনে করেন কোচ ওয়েঙ্গার। চেলসির বিপক্ষে দল সামপ্রতিক নৈপুণ্যের অভিজ্ঞতা কাজে লাগাবে বলে জানান এই ফরাসি কোচ। এদিকে শীর্ষ চারে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে দিনের অপর খেলায় এভারটনের মাঠে খেলতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন স্বাগতিক এভারটনকে হারাতে পারলে তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ পাবে রেড ডেভিলরা। এজন্য চেলসির কাছে আর্সেনালের পরাজয় কামনা করতে হবে কোচ লুই ফন গলের দলের। ৩৩ ম্যাচ থেকে ৬৫ পয়েন্ট নিয়ে ম্যান ইউ’র বর্তমান অবস্থান তৃতীয় স্থানে।—সকারওয়ে
