মেয়েদের এগিয়ে দেখছেন সাবিনা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৬:২১
 
দেশের ফুটবলে ছেলেদের চেয়ে মেয়েদের ফুটবল টিম শ্রেয়তর বলে বললেন জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুন। মালদ্বীপে ফুটসাল ফিয়েস্তা শেষ করে ঢাকায় ফেরা সাবিনার কৃতীত্ব নিয়ে বাফুফে কাল দুপুরে সংবাদ সম্মেলন করে। সেখানেই এই কৃতী ফুটবলার বলেছিলেন, ‘আমার মনে হয় ছেলেদের চেয়ে আমাদের মেয়েদের ফুটবল টিম বেটার। এতো কম সময়ে মেয়েরা ততটা উন্নতি করেছে মনে হয় না ছেলেদের ফুটবল এতোটা করেছে।’  
 
সংবাদ সম্মেলনে সাবিনার সাথে বাফুফের মহিলা ফুটবল কমিটির ডেপুুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, মাহফুজা নজরুল, লাইজু করীম কস্তুরিসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবিনা মালদ্বীপের ফুটবলে তার পারফম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন। সাবিনার খেলায় মুগ্ধ হয়ে আরো তাকে পুনরায় মালদ্বীপের ফুটবলের বড় আসরে খেলা আমন্ত্রণ জানিয়েছে সেখানকার মহিলা ফুটবলের সব ক্লাব। ইলেভেন সেটের ফুটবলে খেলার জন্য তার ফুটসাল রানার্সআপ পুলিশ দল তো আমন্ত্রণ জানিয়েছেই সাথে অন্যান্য ক্লাবও কথা বলে রেখেছে। মালদ্বীপের আর্মি ক্লাবও দেড় হাজার ডলার দিয়ে সাবিনাকে নিতে চায়।
 
সাবিনা বলেছেন, ‘আমি কোনো দলকে কথা দেইনি। সময় আছে এখনও।’ সাবিনা জানিয়েছেন বাংলাদেশ থেকে আরো কয়েকজন ফুটবলার মালদ্বীপে খেলার ডাক পাবেন। এদের মধ্যে জাতীয় দলের গোলকিপার সাবিনা আক্তার এবং প্লেমেকার মিরোনা রয়েছেন। ঢাকার মাঠে সাবিনার ডজন ডজন গোলের পেছনে মিরোনার ভূমিকা আছে লক্ষণীয়। তাকেও মালদ্বীপের ফুটবলে নেয়া হতে পারে।
 
সাবিনার কৃতীত্বের কথা জানাতে সংবাদ সম্মেলন করেন মাহফুজা আক্তার কিরণ। সাবিনা মালদ্বীপের পুলিশ দলের জার্সি গায়ে ৬ ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৫ ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ৩৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন। টুর্নামেন্টের সেরা ৫ খেলোয়াড়দের তালিকায় নাম উঠেছে বাংলাদেশের সাবিনা খাতুনের। মালদ্বীপের স্পন্সর অ্যালাইড সালহি গোল স্কোরারের পুরস্কার পেয়েছেন তিনি। অ্যাডিডাস হিটার বুট পুরস্কার পেয়েছেন সাবিনা খাতুন।