ওয়াকারের পদত্যাগ চান লতিফ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৬:২১
 
বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একমাত্র টি-২০ ম্যাচেও জাতীয় দলের পরাজয়ের পর পাকিস্তান কোচ ওয়াকার ইউনিসকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
 
লতিফ বলেন, ‘ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একমাত্র টি-২০ ম্যাচেও বিশাল ব্যবধানে এভাবে দলের পরাজয়ের পর ওয়াকার নিজ থেকেই পদত্যাগ করলে ভাল হবে বলে আমি মনে করছি।’ 
 
উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। কিন্তু তারপরও এভাবে পরাজয় মেনে নেয়া যায় না এবং এজন্য কর্তৃপক্ষ দায়ী। কোন ম্যাচেই তারা সঠিক একাদশ মাঠে নামাতে পারেনি।’
 
আজহার আলী ভবিষ্যতে একজন সফল অধিনায়ক হবেন এমনটা মনে করছেন না লতিফ। তবে তরুণ এই অধিনায়কের চেয়ে কোচের দায়ভারই বেশি দেখছেন এই সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান।
 
আসন্ন টেস্ট সিরিজেও পাকিস্তানকে কঠিন সময় পার করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট যেভাবে চলছে তাতে বাংলাদেশ সফরে পরাজিত হয়ে এমন অবস্থার সম্মুখীন হতে হবে বলে তিনি আগেই সতর্ক করেছিলেন বলে দাবি করেন।
 
শোয়েব বলেন, ‘আমরা ওয়ানডে সিরিজ হেরেছি, একমাত্র টি-২০ ম্যাচে হেরেছি এবং আমি টেস্ট ম্যাচেও একই ফল দেখছি।’
 
তিনি বলেন, পাকিস্তান ক্রিকেটকে কিভাবে সামনে এগিয়ে নিতে হবে সে সম্পর্কে টিম ম্যানেজমেন্টের কোন ধারণাই নেই।
 
‘এমনকি তারা এখনো তাদের প্লেয়িং কম্বিনেশনই খুঁজে পায়নি, যা কোনমতেই গ্রহণযোগ্য নয়। গত দুই- তিন বছরে পাকিস্তান ক্রিকেট টিকে ছিলো কেবল স্পিনারদের বদৌলতে। কিন্তু এখন তাদের সামনে কঠিন সময়।’
 
দেশটির সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজাও বাংলাদেশ সফরে এ পর্যন্ত দলের ফল ও পারফরমেন্সে হতাশা প্রকাশ করে বলেন, ওয়াকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা তিনি পূরণে সম্পূর্ণ ব্যর্থ।
 
ওয়াকারের পদত্যাগ করা উচিত বলে লতিফের মন্তব্যের সঙ্গে একমত কিনা প্রশ্নের জবাবে রমিজ বলেন, এ পর্যন্ত তিনি কোচ হিসাবে ব্যর্থ।