নারায়ণগঞ্জে রবিবার দুপুরে ফের ভূমিকম্পে বিভিন্ন গার্মেন্ট কারখানায় আতঙ্কে হুড়োহুড়ি করে রাস্তায় নামতে গিয়ে অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, দুপুর ১টা ১২ মিনিটে নারায়ণগঞ্জে ভূমিকম্পের পরেই বিভিন্ন কারখানাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময়ে আতঙ্কে গার্মেন্ট থেকে লোকজন হুড়োহুড়ি করে নামতে গিয়ে শ্রমিকরা আহত হয়। দেড়টার পর থেকেই নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আহত লোকজন আসতে থাকে।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দুপুর থেকে ‘কালচার’ গার্মেন্ট, শহরের বরফকল এলাকার প্রাইম গার্মেন্ট, কাঁচপুর শিল্পাঞ্চলের সিনহা ওপেক্স গ্রুপের কায়েমপুরের ফকির নিটওয়্যার হতে ৩৫ জন শ্রমিককে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে নারায়ণগঞ্জ শহরের এস এম মালেহ রোডস্থ ‘রাসেল গার্মেন্ট’ অন্তত অর্ধশত শ্রমিককে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মমতাজ উদ্দিন জানান, ভূমিকম্পে নারায়ণগঞ্জের বেশিরভাগ স্থানে আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকটি গার্মেন্টে কয়েকজন আহত হয়েছে। এছাড়া বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
