ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক ভোটারদের উদ্দেশে বলেছেন, যে প্রার্থী আপনাদের জন্য কাজ করবে, আপনারা তাকে ভোট দেন।
তিনি বলেন, এটা কোন রাজনৈতিক নির্বাচন নয়, সরকার গঠনের নির্বাচনও নয়। আপনারা এমন একজনকে নির্বাচিত করুন যে কাজ করতে চায়।
রবিবার রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সমর্থিত এ মেয়র প্রার্থী বলেন, আমি কাজ করি বলেই প্রধানমন্ত্রী আমাকে সমর্থন দিয়েছেন। এখন আপনাদের মূল্যবান ভোট দরকার। এ সময তিনি ‘টেবিল ঘড়ি’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
তিনি বলেন, আপনারা আমাকে সুযোগ দেন। আমি একটি সবুজ, নিরাপদ, মানবিক ও স্মার্ট ঢাকা আপনাদের উপহার দেব।
সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক খন্দকার এনায়েতউল্ল্যাহ’র সভাপতিত্বে এ পথসভায় আরো বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রমুখ।
পথসভা শেষে আনিসুল হক গাড়িবহর নিয়ে উত্তরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারনা চালান। এ সময় তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরন করেন। মানুষের কাছে দোয়া ও ভোট চান।
