টেস্টে সমানে সমানে লড়াই হবে: সাকিব

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ১৪:৫০
 
অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, ওয়ানডের মতো আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে পাকিস্তানের বিরুদ্ধে আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া টেস্ট সিরিজটিও ভাল হবে। লড়াই হবে হাড্ডাহাড্ডি।
 
দুই টেস্টের সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি ট্রফি জিতে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দল আজও অনুশীলন করেছে। অনুশীলন শুরুর আগে কথা বলেন সাকিব। বিস্তারিত তুলে ধরা হলো-
 
টেস্ট সিরিজের সম্ভাবনা
ওয়ানডে পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়ে যদি খেলতে পারি; আমার কাছে মনে হয় ভাল একটি সিরিজ হবে। যদিও ওদের ব্যাটিংয়ে কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। কিন্তু আমার মনে হয় আমাদের বোলিং আক্রমন ওদের বোলিং আক্রমণ থেকে অনেক ভাল। ওদের হয়তো ভাল ব্যাটিং সাইড অভিজ্ঞতার দিক থেকে। আমাদের ব্যাটসম্যান এখন যে ফর্মে আছে; আমরা যদি পারফরম্যান্সের বিচারে চিন্তা করি তাহলে আমাদের ব্যাটিংও ভাল। এছাড়া আমি বিশ্বাস করি আমাদের ফিল্ডিংটাও ওদের চেয়ে অনেক বেশি ভাল। আমার যদি তিনটি বিভাগে ভাল খেলতে পারি, তাহলে প্রত্যাশা করতে পারি হাড্ডাহাড্ডি লড়াই হবে।
 
পাকিস্তানের বিপক্ষে টেস্টে কখনই ২০ উইকেট নিতে পারেনি বাংলাদেশ। এই সিরিজে টাইগারদের এমন কোন পরিকল্পনা আছে কি?
জানি না উইকেট কেমন হবে, অনেক টেস্ট ম্যাচ আছে ১০ উইকেটও কেউ নিতে পারে না। নির্ভর করে উইকেট কেমন তার উপর। সেই সঙ্গে আমাদের ভাল বোলিংও করতে হবে। উইকেট কেমন রোল প্লে করবে এটা একটি বড় প্রশ্ন। বোলাররা যদি উইকেটে থেকে কোন সাহায্য নিতে পারে সেক্ষেত্রে সুযোগ থাকবে ওদের ২০ উইকেট তুলে নেওয়ার।
 
ওয়ানডে ক্রিকেটে জয়ের ধারাবাহিকতা টেস্টে ধরে রাখা সম্ভব কি?
আমিতো বিশ্বাস করি অবশ্যই সম্ভব। দলে কয়েকটা পরিবর্তন আছে। কিছু নতুন খেলোয়াড় দলে এসেছে। দলে যারা ওয়ানডে খেলেছে তাদেরতো একটা বিশ্বাস আছে, অবশ্যই ভাল করা সম্ভব। ওদের বোলিং আক্রমনে যারা আছে বেশিরভাগকেই আমরা খেলেছি। খুব একটা কঠিন হওয়ার কথা নয়। সেই সঙ্গে যারা নতুন এসেছে তাদেরও একটা বিশ্বাস থাকবে এই দলটা ভাল করছে, তাদেরতো অবশ্যই পারফরম্যান্স করার তাড়না অবশ্যই থাকবে। সবদিক থেকেই আমি বিশ্বাস করি অবশ্যই সম্ভব।
 
অনেকদিন পর টেস্ট খেলবেন, এটা কি কোন প্রভাব ফেলবে আপনাদের?
আমি ছাড়া লংগার ভার্সন খেলছে বোধ হয় সবাই। মনে হয় না সমস্যা হওয়ার কথা। চেষ্টাতো অবশ্যই করবো এই দুই দিনে যতটা প্রস্তুতি নেওয়া সম্ভব। তারপরও টেস্টে ওটা অ্যাপ্লাই করতে।