আগামীকাল অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দিতে পারলেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পারবেন না। জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন বর্তমানে ঢাকা উত্তর সিটির গুলশানে বাস করলেও তিনি এখনও ক্যান্টনমেন্ট এলাকার ভোটার। আর ক্যান্টনমেন্ট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নয়।
গতকাল রবিবার গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে খালেদা জিয়া বলেন, আমি এখনও ক্যান্টনমেন্ট এলাকার ভোটার। আর ক্যান্টনমেন্ট এলাকার ভোটার হওয়ার কারণে আমি ভোট দিতে পারবো না।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঢাকা-১০ সংসদীয় আসনের ধানমন্ডি আবাসিক এলাকার ভোটার। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ থাকলেও তিনি ভোট দিবেন কি-না তা এখনও নিশ্চিত নয়। কেননা নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটকেন্দ্র ও এর আশেপাশের এলাকায় গাড়ি নিয়ে প্রবেশ করা যায় না। সে ক্ষেত্রে প্রটোকল জটিলতা রয়েছে।
এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ, অধিকাংশ মন্ত্রী এবং সংসদ সদস্য ঢাকায় অবস্থান করলেও তারা ভোট দিতে পারবেন না। কেননা তারা দুই সিটির বাইরে নিজেদের নির্বাচনী এলাকার ভোটার।
