আফরোজা আব্বাসের গণসংযোগ মতিঝিল ও পল্টনে

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ০১:২০

প্রচারণার শেষ দিনেও আত্মগোপনে ছিলেন ঢাকা সিটি দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। তার পক্ষে তার স্ত্রী আফরোজ আব্বাস টানা ১৮ দিন উদয়াস্ত গণসংযোগ করেছেন। প্রচারণার শেষ দিনে গতকাল ব্যস্ততার মধ্যে সময় কাটে তার।

সকাল ৮টায় পল্টনে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের কাছে দোয়া চেয়ে প্রচারণা শুরু করেন। এরপর তিনি যান সিদ্ধেশ্বরী এলাকায়। সেখান থেকে ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলা মোড়, পল্টনসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

 
তিনি ভোটার ও সাধারণ মানুষজনের হাতে লিফলেট তুলে দেন ও তাদের কাছে মেয়র পদে মগ মার্কায় মির্জা আব্বাসের জন্য ভোট চান।
 
আফরোজা আব্বাস অভিযোগ করেন, প্রশাসন এবং প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগ আমাদের প্রচারে বাধা দিচ্ছে। প্রচারে প্রথম দিন থেকেই বাধা পেয়েছি। কর্মীদের ভয় দেখানো হচ্ছে। মির্জা আব্বাস প্রচারে নামতে পারেননি। সরকার তাকে জনসংযোগে অংশ নিতে দিল না। তার কোনো রকম প্রভাব পড়েনি। কারণ সাধারণ জনগণ একটা পরিবর্তন চায়। যেখানে যাচ্ছি, সবার একটাই কথা, আমরা এই গুম, খুন ও হত্যার রাজনীতি থেকে মুক্তি চাই। তিনি বলেন, আমরা চাই, আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। আইন-শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। যেখানে যাই, মানুষ বলছে, তারা ভোট দিতে পারবে তো?
 
জাসাসের গণসংযোগ
 
বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার ও জাসাস সভাপতি আব্দুল মালেকের নেতৃত্বে ঢাকার ইসলামপুর, বাবুবাজার, মায়াকাটরাসহ পুরানা ঢাকার বেশি কিছু এলাকায় মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক উজ্জল, বাবুল আহমেদ, সালাউদ্দিন ভুঁইয়া শিশির, জাহাঙ্গীর আলম রিপন, ডা. আরিফুর রহমান, জাকির হোসেন রোকন, কেয়া চৌধুরী, হোসনে আরা নাজ, নায়িকা সাহেলা, মাহফুজ, শাহীনুর, অ্যাডভোকেট রুবেল, শাহীন প্রমুখ।
 
শ্রমিক দলের গণসংযোগ
 

শ্রমিক দল ঢাকা মহানগরের সভাপতি কাজী আমীর খসরুর নেতৃত্বে গতকাল দিলকুশা, ফকিরাপুল, দৈনিকবাংলা মোড়, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।